Published : 04 Jun 2026, 02:08 PM
জয়টা নেদারল্যান্ডসের বিপক্ষে, কিন্তু চমকে উঠবে হয়তো আর্জেন্টিনা। বিশ্বকাপের সূচনায় তো এই দলকেই সামনে পাবেন লিওনেল মেসিরা! সেই দলের নাম আলজেরিয়ার। বিশ্বকাপের গা গরমের ম্যাচে আফ্রিকার দলটি হারিয়ে দিয়েছে ডাচদের।
ম্যাচজুড়ে আক্রমণ ও পাল্টা আক্রমণ অনেক হলেও গোল হয় মাত্র একটিই। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলে দলকে স্মরণীয় জয় এনে দেন আনিস হাজ মুসা।
ম্যাচের ৮৬তম মিনিটে ডান প্রান্ত দিয়ে ভেতরে ঢুকে দূরের কোণায় এক জোরাল শটে গোল করেন তিনি। ২৪ বছর বয়সী উইঙ্গার ক্লাব ফুটবলে খেলেন ডাচ ক্লাব ফাইনর্টের হয়ে। ক্লাব ফুটবলে ঘরের মাঠেই দেশকে জেতালেন তিনি।
আলজেরিয়ার জয়ের আরেক নায়ক গোলকিপার লুকা জিদান। নেদারল্যান্ডস ১৪টি শট নেয় গোলে, এর ৫টি ছিল লক্ষ্যে। সবকটিই ঠেকিয়ে দেন কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে।
গত এপ্রিলে মুখে আঘাত পাওয়ায় এই ম্যাচটি মাস্ক পরে খেলেন লুকা জিদান। আলজেরিয়ার মূল গোলকিপারের জায়গা নিয়ে লড়াই চলছিল বেশ। এই ম্যাচের পারফরম্যান্সের পর বিশ্বকাপে তার ওপরই হয়তো ভরসা রাখবেন কোচ।
ম্যাচের প্রথমার্ধে দাপট ছিল নেদারল্যান্ডসের। তবে দ্বিতীয়ার্ধে দারুণ পারফরম্যান্স উপহার দেয় আলজেরিয়া। বিপুল সংখ্যক সফরকারী সমর্থকের গর্জনে উজ্জীবিত হয়ে যেভাবে খেলেছে তারা, জয়টি শেষ পর্যন্ত তাদের প্রাপ্যই ছিল।
এই আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়েই বিশ্বকাপ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপের অন্য দুই দল অস্ট্রিয়া ও জর্ডান।
বিশ্বকাপের জন্য দেশ ছাড়ার আগে এই পরাজয় নেদারল্যান্ডসের জন্য বড় এক ধাক্কা। যদিও ঘুরিয়ে-ফিরিয়ে অনেককে বাজিয়ে দেখেছেন কোচ, তার পরও এই হারকে জেগে ওঠার ডাক হিসেবে দেখছেন অধিনায়ক ভার্জিল ফন ডাইক।
“দেশ থেকে বিদায় নেওয়ার আগে এমন পারফরম্যান্স কারও প্রত্যাশিত নয়।”
“এই ম্যাচে আমাদের অন্তত ২-০ গোলে এগিয়ে থাকা উচিত ছিল। আশা করি, আমাদের ধার দ্রুত ফিরে আসবে এবং এখন থেকে আমরা সুযোগগুলো সঠিকভাবে কাজে লাগাতে পারব। এটা ইতিবাচক যে বেশিরভাগ ফুটবলার খেলার সুযোগ পেয়েছে, কিন্তু অবশ্যই আমরা হারার জন্য খেলি না।”
যুক্তরাষ্ট্রে গিয়ে বিশ্বকাপের আগে আরেকটি ম্যাচ খেলবে নেদারল্যান্ডস, যেখানে তাদের প্রতিপক্ষ উজবেকিস্তান। বিশ্বকাপ শুরু করবে তারা ১৪ জুন জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে।
বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে আলজেরিয়া আগামী বুধবার খেলবে বলিভিয়ার বিপক্ষে।