হামজা, সামিত ও ফাহামিদুলকে নিয়ে ‘আরও শক্তিশালী’ বাংলাদেশ
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে দলকে পরখ করে সিঙ্গাপুর ম্যাচের দল চূড়ান্ত করতে চান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা।
বাফুফে ভবন মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ের কাবরেরা নির্ধারিত সময়ে আসলেও, প্রাথমিক বাংলাদেশ দলের তালিকা সবার হাতে পৌঁছাতে দেরি হলো। এ নিয়ে উঠল নানা প্রশ্ন, হালকা বৃষ্টিও শুরু হয়ে গেল। বিলম্বের পর শুরু সংবাদ সম্মেলন ভুটান ও সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তিন প্রবাসী খেলোয়াড়কে নিয়ে অনেক কথা বললেন কাবরেরা। যার সারমর্ম- হামজা চৌধুরী, সামিত সোম ও ফাহামিদুল ইসলামকে পেয়ে বাংলাদেশ এখন ‘দারুণ শক্তিশালী’ দল।
এই শক্তির প্রথম পরীক্ষা ভুটানের বিপক্ষে ৪ জুনের প্রীতি ম্যাচে, দ্বিতীয় পরীক্ষা ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাই। এ উপলক্ষে ২৬ জনের প্রাথমিক দল দিয়েছেন কাবরেরা। একেবারেই নতুন মুখ বলতে কানাডার লিগে খেলা সামিত।
তিন প্রবাসীর মধ্যে সামিত কাভারলি এফসির মিডফিল্ডার, হামজা সবশেষ ধারে শেফিল্ড শিল্ডে ডিফেন্সিভ মিডফিল্ডে খেলেছেন এবং সেরি ডি’র দল অবলিও কালসিওর ফাহামেদুল ফরোয়ার্ড। সামিত ও হামজার উপস্থিতিতে বাংলাদেশের মাঝমাঠ দক্ষিণ এশিয়ার অন্য দলগুলোর চেয়ে শক্তিশালী মনে হচ্ছে কাবরেরার।
“আমি নিশ্চিত নই (দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আমাদের মিডফিল্ড সবার সেরা কিনা), তবে দক্ষিণ এশিয়ার দলগুলোর মধ্যে আমাদের মাঝমাঠ অবশ্যই দারুণ শক্তিশালী। বিশেষ করে আমাদের গ্রুপে (এশিয়ান কাপ বাছাইয়ের গ্রুপ)। যদি সেরা নাও হই, সম্ভবত খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিডফিল্ড আমাদের।”
“সামিত মানসম্পন্ন মিডফিল্ডার। তবে তার ব্যাপারে আমাদের ধৈর্য্য ধরতে হবে। কেননা, ৪ তারিখে ঢাকায় এসে সবকিছুর সাথে মানিয়ে নেওয়ার জন্য সে খুবই অল্প সময় পাচ্ছে। কানাডা থেকে থেকে লম্বা ভ্রমণ করে আসবে, এখানকার কন্ডিশন ভিন্ন, তবে আমরা তাকে নিয়ে ইতিবাচক।”
গত মার্চে ভারতের বিপক্ষে বাছাইয়ের ম্যাচের আগে সৌদি আরবের ক্যাম্পে ছিলেন ফাহামিদুল। কিন্তু সৌদি থেকে তাকে ইতালি ফিরে যেতে হয় চূড়ান্ত দলে জায়গা না পাওয়ায়। এ নিয়ে তখন বিতর্কও হয়েছিল ঢের। দলের মধ্যে ‘সিন্ডিকেট’ থাকায় ফাহামিদুল উপেক্ষার শিকার হয়েছেন-উঠেছিল এমন তীর্যক অভিযোগও।
ফাহামিদুল বুধবার সকালে ঢাকায় ফিরে উঠেছেন টিম হোটেলে। ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড গোলের দাবি মেটাতে পারবেন বলে আশাবাদী কাবরেরা।
“আমি ফাহামিদুলের ব্যাপারে খোঁজ খবর রাখছিলাম। গত মার্চে তাকে ডেকেছিলাম, ক্যাম্পও করেছিল আমাদের সাথে। তার সাথে, তার ক্লাব পরিচালকদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছিলাম। দলের যেটা প্রয়োজন, আমার বিশ্বাস, সেটা মেটানোর সামর্থ্য তার আছে।”
ইংল্যান্ড থেকে হামজার ঢাকায় আসার কথা ২ বা ৩ জুন। গত মার্চে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজের জার্সিতে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ এই খেলোয়াড়ের। তবে দেশের মাটিতে তাকে ভুটান নাকি সিঙ্গাপুরের বিপক্ষে প্রথম খেলার সুযোগ দেবেন, সে ব্যাপারে এখনও নিশ্চিত নন কোচ।
“হামজার ব্যাপারটা আমি নিশ্চিত করতে পারছি না এখন। তবে সে ফেরার পর আমি চেষ্টা করব, এখানকার আবহাওয়ায় তাকে খেলার অভিজ্ঞতা দেওয়ার। তবে এখনও বিষয়টি আমি চূড়ান্ত করিনি।”
প্রশ্ন ওঠে কিউবা মিচেলকে নিয়েও, সান্দারল্যান্ডের যুব দলে খেলা এই তরুণ মিডফিল্ডারের বাংলাদেশি পাসপোর্ট নেওয়ার প্রক্রিয়া শুরুর ছবিও চাউর হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে তাকে নিয়ে তেমন কিছুই বললেন না কাবরেরা।
“মিচেলের ব্যাপারটা ন্যাশনাল টিমস কমিটি বলতে পারবে। এ ব্যাপারে তারাই ভালো বলতে পারে, কেননা, তাদের কাছে সব তথ্য-উপাত্ত আছে। অবশ্যই তার সম্ভাবনা আছে। আমরা তরুণ ও সম্ভাবনাময়দের ডাকব, তবে আমি মনে করি, তাদের ব্যাপারে আমাদের সতর্ক ও যত্নবান হওয়া উচিত।”
বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন ম্যাচ কমিশনারকে ধাক্কা মেরে ছয় ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়া সাদ উদ্দিন আছেন প্রাথমিক দল। এই রাইট-ব্যাকের শাস্তি চার ম্যাচে নেমে আসার পেছনে কাবরেরা প্রভাব রেখেছেন বলে গুঞ্জন আছে। এই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়েছেন কোচ।
“না, এমন কিছু হয়নি (আমি কোনো প্রভাব রাখিনি)। সে ফিট আছে, আমার কাছে সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অবশ্যই সে একটা ভুল করেছে, শাস্তি পেয়েছে। শেখ মোরসালিন কালও গোল করেছে, এর আগের রাউন্ডেও গোল করেছে। আমি বিশ্বাস করি, সেরা পর্যায়ে থেকে সে দলে আসছে। এছাড়া সুমন রেজা অনেক দিন পর ফিরেছে, সে বক্স প্লেয়ার। আশা করি, সে ভালো করবে।”
এশিয়ান কাপের বাছাইয়ে ‘ভালো ফল’ পাওয়ার স্বপ্নও এখন উঁকি দিচ্ছে কাবরেরার চোখে। ভারত ম্যাচের প্রসঙ্গ টেনে ৪০ বছর বয়সী কোচ শোনালেন সিঙ্গাপুর ম্যাচের প্রত্যাশা।
“নিজেদের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। ভারতে আমরা দারুণ একটা ম্যাচ খেলেছি। আরও ভালো ফল হতে পারত। জিততেও পারতাম। যদি কমপক্ষে একই মানের খেলা সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে পারি, তাহলে আমরা ভালো ফল পেতে পারি। তিন পয়েন্ট পেতে পারি। ক্যাম্পে আমরা আট থেকে দশটি ট্রেনিং সেশন করতে পারব। ভুটান ম্যাচে আমি ২৫ জনকে রাখব, সামিতকে ছাড়া। এরপর ২৩ জনের দল চূড়ান্ত করব।”
