‘চোট পাওয়া কয়েকজনকে ফিরে পাওয়া দরকার’, আকুতি আর্তেতার
এফএ কাপে উইগ্যান অ্যাথলেটিকের বিপক্ষে ম্যাচেও চোট থাবা বসিয়েছে আর্সেনালের তাঁবুতে।
একের পর এক চোটে জেরবার অবস্থা আর্সেনালের। দল থেকে ছিটকে যাওয়ার মিছিল দিনকে দিন লম্বা হয়েই চলেছে। মৌসুমের শেষ দিকের গুরুত্বপূর্ণ সময়ে এসে দলটির কোচ মিকেল আর্তেতাও অনুভব করছেন, কয়েকজন খেলোয়াড়কে ফিরে পাওয়ার প্রয়োজনীয়তা।
এএফ কাপের চতুর্থ রাউন্ডে রোববার তৃতীয় স্তরের দল উইগ্যান অ্যাথলেটিককে ৪-০ গোলে উড়িয়ে দেওয়া ম্যাচেও আর্সেনালের তাঁবুতে হানা দেয় চোট। গা গরমের সময় রিকার্দো কালাফিওরি চোট পাওয়ায় মাঠে নামতে পারেননি। অস্বস্তি থাকায় বেন হোয়াইটও খেলতে পারেননি পুরোটা সময়, দ্বিতীয়ার্ধে তাকে তুলে নেন আর্তেতা।
বেনফোর্ডের বিপক্ষে গত বৃহস্পতিবারের ১-১ ড্র ম্যাচে চোট পান অধিনায়ক মার্টিন ওডেগোর। চলতি মাসে কাই হাভার্টজকে পাওয়ার আশা নেই। ধারনা করা হচ্ছে, পায়ে অস্ত্রোপচার করা মিকেল মোরিনোকে চলতি মৌসুমে আর পাবেই না আর্সেনাল।
আক্রমণ, রক্ষণ, মাঝমাঠ- মৌসুমের শেষ দিকে এসে সব বিভাগে চোটের ছোবলে পুরোশক্তির একাদশ সাজানো কঠিন হয়ে উঠছে আর্সেনালের জন্য। অসহায়ত্ব ফুটে উঠল আর্তেতার কণ্ঠেও।
“হ্যাঁ (আমি চিন্তিত)। শুরুতে চোট পেল স্ট্রাইকাররা, এরপর ডিফেন্ডাররা এবং এখন চোটে পড়ছে মিডফিল্ডাররা।”
“এই পরিস্থিতির সাথে মানিয়ে নিচ্ছি আমরা। কিন্তু, কিছু ফিট খেলোয়াড়কে ফিরে পাওয়ার দরকার এবং সেটা কেবল সংখ্যায় নয়, আমাদের সামনে যে প্রতিপক্ষরা আছে, সে অনুযায়ী ভিন্ন ভিন্ন বিকল্প খেলোয়াড় ফিরে পাওয়া প্রয়োজন। যত দ্রুত তারা ফিরবে, দলের জন্য সেটা ততই ভালো।”
ইংলিশ প্রিমিয়ার লিগ টেবিলে এ মুহূর্তে ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্সেনাল। এফএ কাপে তারা উঠেছে পঞ্চম রাউন্ডে।
লিগ টেবিলে আর্সেনালের ঘাড়ে শ্বাস ফেলছে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি। পেপ গুয়ার্দিওলার দলের সঙ্গে ব্যবধান ধরে রাখতে বুধবার আর্তেতার দল মুখোমুখি হবে উলভারহ্যাম্পটনের বিপক্ষে।
