২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খেলোয়াড় নিয়ে টানাটানিতে ফ্রান্সকে হারাল মরক্কো

দ্বৈত-নাগরিকত্ব থাকা প্রতিভাবান ফুটবলারদের দলে টানার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে আরও সুখবর পেয়েছে মরক্কো।

খেলোয়াড় নিয়ে টানাটানিতে ফ্রান্সকে হারাল মরক্কো
মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 05:12 PM

Updated : 11 Sep 2026, 03:17 PM

দারুণ প্রতিভাবান মিডফিল্ডার আইয়ুব বুয়াদ্দিকে নিয়ে দীর্ঘদিন ধরে লড়াই চলছিল ফ্রান্স ও মরক্কোর মধ্যে। ফ্রান্সে জন্ম নেওয়া মরক্কান বংশোদ্ভূত এই ফুটবলারকে নিয়ে অবশেষে সুখবর পেল আফ্রিকার দেশটি। আসছে বিশ্বকাপেই তাদের হয়ে খেলতে পারবেন বুয়াদ্দি।

আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠেয় উত্তর আমেরিকা বিশ্বকাপের কয়েক সপ্তাহ আগে তরুণ এই ফুটবলারকে মরক্কোর হয়ে খেলার অনুমতি দিয়েছে ফিফা। ফিফা প্লেয়ারস স্ট্যাটাস চেম্বারের কাছ থেকে শুক্রবার এই অনুমতি পাওয়ার কথা জানিয়েছে মরক্কোর ফুটবল ফেডারেশন।

১৮ বছর বয়সী বুয়াদ্দি এর আগে ফ্রান্সের বয়সভিত্তিক দলে খেলেছেন। সম্প্রতি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে লুক্সেমবার্গের বিপক্ষে ফরাসিদের অধিনায়কত্বও করেন তিনি। তবে আন্তর্জাতিক ফুটবলে ভবিষ্যতের জন্য মরক্কোকে বেছে নেন তিনি।

লিগ আঁর সবচেয়ে সম্ভাবনাময় ও প্রতিভাবান ফুটবলারদের একজন হিসেবে দেখা হচ্ছে বুয়াদ্দিকে। কয়েক বছর ধরে লিলের জার্সিতে নিয়মিত খেলতে দেখা যাচ্ছে তাকে। গত তিন মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ক্লাবটির হয়ে ৯০টির বেশি ম্যাচ খেলেছেন তিনি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন।

দ্বৈত-নাগরিকত্ব থাকা ফুটবলারদের দলে টানার ক্ষেত্রে সাম্প্রতিক সময়ে আরও সাফল্য পেয়েছে মরক্কো। সাম্প্রতিক সময়ে তারা ফুলহ্যাম ডিফেন্ডার ইসা দিওপকে রাজি করায়, ফ্রান্সে জন্ম নেওয়া এই খেলোয়াড়ের মা একজন মরক্কান। 

এর আগে বেলজিয়াম অনুর্ধ্ব-১৯ দলের অধিনায়ক বুনিদাকে মরক্কোর হয়ে খেলতে ফিফার অনুমতি আদায় করে আফ্রিকার দেশটি।

বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান ও আরব দেশ হিসেবে গত আসরে সেমি-ফাইনালে খেলেছিল মরক্কো। এবার তারা খেলবে ‘সি’ গ্রুপে, সেখানে তাদের সঙ্গে আছে ব্রাজিল, হাইতি ও স্কটল্যান্ড।