ডোপ টেস্টে ব্যর্থ হয়ে স্তব্ধ মুদ্রিক
চেলসি উঙ্গারের বিশ্বাসই হচ্ছে না পরীক্ষায় নিষিদ্ধ উপাদানের উপস্থিতি ধরা পড়েছে।
নিয়মিত মূত্র পরীক্ষায় এমন খবর আসবে, দুঃস্বপ্নেও ভাবতে পারেননি মিখাইলো মুদ্রিক। চেলসি উইঙ্গারের বিশ্বাসই হচ্ছে না ডোপ পরীক্ষায় নিষিদ্ধ উপাদানের উপস্থিতি ধরো পড়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি মঙ্গলবার এক জানায়, মুদ্রিকের দেওয়া নমুনায় নিষিদ্ধ উপাদান পাওয়ার কথা তাদের জানিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
পরীক্ষার ফল পাওয়ার পর ইউক্রেনের উইঙ্গারকে সামিয়কভাবে নিষিদ্ধ করেছে এফএ। তবে মুদ্রিক দাবি করেছেন, তিনি জেনেশুনে কোনো নিষিদ্ধ উপাদান গ্রহণ করেননি।
মুদ্রিক কেন ডোপ পরীক্ষায় ব্যর্থ হলেন, এর কারণ খুঁজে বের করার উদ্যোগ নিচ্ছে চেলসি। ইনস্টাগ্রামে জানানো এক প্রতিক্রিয়ায় মুদ্রিক বললেন কারণ খুঁজছেন তিনিও।
“এটা আমার জন্য প্রবল এক ধাক্কা। কারণ, আমি জ্ঞানত কোনো নিষিদ্ধ উপাদান ব্যবহার করিনি বা কোনো নিয়ম ভাঙিনি। এটা কীভাবে ঘটল, সেটা বের করতে আমি আমার দলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।”
“আমি জানি যে, আমি ভুল কিছু করিনি। আশা করছি, দ্রুতই মাঠে ফিরতে পারব।”
বিশ্ব ফুটবলের নিয়ন্তা সংস্থা ফিফার গাইডলাইন অনুযায়ী ইচ্ছাকৃতভাবে কোনো নিষিদ্ধ উপাহান গ্রহণ করলে চার বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন একজন খেলোয়াড়।
গত ২৮ নভেম্বর সবশেষ চেলসির হয়ে মাঠে নেমেছিলেন মুদ্রিক। পরের পাঁচ ম্যাচে খেলা হয়নি তার। প্রধান কোচ এন্টসো মারেস্কা বলেছিলেন, তার অনুপস্থিতির কারণ অসুস্থতা।
গত বছর স্ট্যামফোর্ড ব্রিজের ক্লাবটিতে যোগ দিয়ে মুদ্রিক এখন পর্যন্ত ৭৩ ম্যাচ খেলে করেছেন ১০ গোল।
