লিভারপুল ম্যাচে মেজাজ হারিয়ে নিষিদ্ধ হলেন সিমেওনে
ফলে চ্যাম্পিয়ন্স লিগে আসছে ম্যাচে প্রধান কোচকে পাবে না আতলেতিকো মাদ্রিদ।
অ্যানফিল্ডে রোমাঞ্চকর লড়াইয়ের শেষ দিকে লিভারপুলের সমর্থকদের সঙ্গে বচসায় জড়িয়ে শাস্তি পেয়েছেন আতলেতিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমেওনে। চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচে তার সেদিনের আচরণ ছিল ‘অক্রীড়াসুলভ’ এবং এজন্য তাকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে উয়েফা।
এই নিষেধাজ্ঞা কার্যকর হবে উয়েফার প্রতিযোগিতায়। ফলে মঙ্গলবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ঘরের মাঠের ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না সিমেওনে।
বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।
চ্যাম্পিয়ন্স লিগে গত ১৮ সেপ্টেম্বরের ওই ম্যাচে শুরুতেই দুই গোল হজমের পর, ঘুরে দাঁড়িয়ে পয়েন্ট পাওয়ার সম্ভাবনা জাগায় আতলেতিকো। কিন্তু যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ভার্জিল ফন ডাইকের গোলে ৩-২ ব্যবধানে জিতে যায় লিভারপুল।
তৃতীয় গোল হজমের পর এমনিতেই ক্ষুব্ধ ছিলেন সিমেওনে। পরে লিভারপুল সমর্থকদের থেকে ভর্ৎসনা শুনে আর মেজাজ ধরে রাখতে পারেননি তিনি। টেকনিক্যাল এরিয়ার পেছনে এক সমর্থকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা যায় তাকে।
এক পর্যায়ে গ্যালারির দিকে তেড়েও যান সিমেওনে। নিরাপত্তাকর্মীরা এসে পরিস্থিতি ঠাণ্ডা করেন। পরে রেফারি এসে লাল কার্ড দেখান এই আর্জেন্টাইন কোচকে।
ম্যাচের পর অবশ্য নিজের ভুল বুঝতে পারেন সিমেওনে এবং নিজের আচরণকে অগ্রহণযোগ্যও বলেন তিনি। অবশ্য আত্মপক্ষ সমর্থন করে তখন বলেছিলেন, ৯০ মিনিটে ধরে তাকে অপমান করা হচ্ছিল।
প্রধান কোচকে ছাড়াই ইউরোপ সেরার মঞ্চে জয়ের পথে ফেরার লড়াইয়ে নামতে হচ্ছে আতলেতিকো মাদ্রিদকে। অবশ্য গত শনিবার লা লিগায় রেয়াল মাদ্রিদকে ৫-২ গোলে উড়িয়ে নিশ্চয় এখন দারুণ আত্মবিশ্বাসী সিমেওনের দল।
