২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ার্দিওলার সিটির মতো বার্সাকে দেখতে চান ফ্লিক

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে হারানোর পর দলের পারফরম্যান্স নিয়ে খুশি বার্সেলোনা কোচ।

গুয়ার্দিওলার সিটির মতো বার্সাকে দেখতে চান ফ্লিক
পেপ গুয়ার্দিওলার সঙ্গে হান্সি ফ্লিক (ডানে)। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2024, 06:53 PM

Updated : 26 Aug 2026, 10:08 AM

পেপ গুয়ার্দিওলার কোচিংয়ে অবিশ্বাস্য সব সাফল্য পেয়েছে ম্যানচেস্টার সিটি। গত কয়েক বছরে হয়ে উঠেছে অপ্রতিরোধ্য এক দল। স্প্যানিশ এই কোচ ইংলিশ ক্লাবটিকে যেভাবে গড়ে তুলেছেন, তেমন কিছু বার্সেলোনাতেও করতে চান দলটির নতুন কোচ হান্সি ফ্লিক।  

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে বাংলাদেশ সময় বুধবার সকালে গুয়ার্দিওলার সিটিকে টাইব্রেকারে ৪-১ গোলে হারায় বার্সেলোনা। নির্ধারিত ৯০ মিনিটে ২-২ ড্র ছিল। যুক্তরাষ্ট্রের অরল্যান্ডোতে ঝড়ের কারণে ৮০ মিনিট দেরিতে শুরু হয় এই ম্যাচ।

পেনাল্টি শুটআউটে দুটি শট ঠেকিয়ে বার্সেলোনার নায়ক ২০ বছর বয়সী গোলরক্ষক আন্দের আস্ত্রালাগা। ক্যালভিন ফিলিপ্স ও জ্যাকব রাইটের শট ঠেকান বার্সেলোনা ‘বি’ দলের হয়ে খেলা এই স্প্যানিয়ার্ড। 

মূল ম্যাচে ২৪তম মিনিটে পাও ভিক্তর বার্সেলোনাকে এগিয়ে নেওয়ার পর ৩৯তম মিনিটে সমতা টানেন নিকো ও’রিলি। প্রথমার্ধের যোগ করা সময়ে স্প্যানিশ দলটি ফের এগিয়ে যায় পাবলো তোরের গোলে। ৬০তম মিনিটে ইংলিশ চ্যাম্পিয়নদের দ্বিতীয়বার সমতায় ফেরান জ্যাক গ্রিলিশ। 

ম্যাচের পর সংবাদ সম্মেলনে দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ফ্লিক। পাশাপাশি গুয়ার্দিওলার সিটির মতো কিছু করতে চাওয়ার আশাবাদ ব্যক্ত করেন এই জার্মান কোচ।

“দারুণ একটি দলের বিপক্ষে আমরা সত্যিই ভালো খেলেছি। আমরা একসঙ্গে রক্ষণ সামলেছি এবং একসঙ্গে আক্রমণ করেছি, একটি দল হিসেবে আমরা এটাই চাই। আমরা একে অন্যের জন্য লড়াই করেছি।”

“প্রথমার্ধে হয়তো আমরা একটু বেশি নিচে নেমে খেলেছি, আমাদের আরও ওপরে উঠে খেলতে হবে, আমাদের আরও বলের দখল রাখতে হবে, তবে আমরা ম্যানচেস্টার সিটির বিপক্ষে খেলেছি… পেপ আট বছর ধরে সেখানে আছেন এবং আমরা (তাদের মতো) একই কাজ করতে চাই। হয়তো একটু ভিন্নভাবে, তবে উদ্দেশ্য একই।”

গুয়ার্দিওলার হাত ধরে গত সাত মৌসুমের মধ্যে ছয়বারই প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে সিটি। প্রথম দল হিসেবে টানা চারবার প্রিমিয়ার লিগ জয়ের কীর্তি গড়েছে তারা। প্রথমবারের মতো জিতেছে চ্যাম্পিয়ন্স লিগ শিরোপাও। এছাড়া আরও অনেক ট্রফি উঁচিয়ে ধরেছে তারা।

সিটির আগে কোচ হিসেবে বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনাতেও দারুণ সফল ছিলেন গুয়ার্দিওলা। তার কোচিংয়ে দুটি চ্যাম্পিয়ন্স লিগ, টানা তিনটি লা লিগাসহ অনেক ট্রফি ঘরে তোলে বার্সেলোনা।

গত মৌসুমটা বার্সেলোনার কাটে শিরোপাহীন। শাভি এর্নান্দেসকে ছাঁটাই করে দুই বছরের মেয়াদে দায়িত্ব দেওয়া হয় বায়ার্নের সাবেক কোচ ফ্লিককে। নতুন মৌসুমে বার্সেলোনাকে সাফল্যের পথে ফেরানোর কঠিন চ্যালেঞ্জ তার সামনে।

চোট ও ছুটি মিলিয়ে ১০ জন ফুটবলারকে যুক্তরাষ্ট্র সফরে পাচ্ছে না বার্সেলোনা। যুব দলের বেশ কয়েকজন সম্ভাবনাময় তরুণকে এই সফরে নিয়ে গেছেন কোচ ফ্লিক। তাদের মধ্যে মার্ক কাসাদো ও মার্ক বের্নাল সিটির বিপক্ষে মিডফিল্ডে ভালো করেছেন। ভিক্তর ও তোরে পেয়েছেন জালের দেখা।

জিরোনা থেকে ধারে খেলতে এসে গত মৌসুমে বার্সেলোনা ‘বি’ দলের হয়ে ২০ গোল করেন ভিক্তর। ২২ বছর বয়সী এই স্ট্রাইকারকে সম্প্রতি ২৫ লাখ ইউরোয় পাকাপাকিভাবে কিনে নিয়েছে বার্সেলোনা।

যুক্তরাষ্ট্র সফরে বার্সেলোনার পরের ম্যাচ বাংলাদেশ সময় আগামী রোববার ভোরে নিউ জার্সিতে রেয়াল মাদ্রিদের বিপক্ষে। এরপর বুধবার এসি মিলানের বিপক্ষে শেষ ম্যাচ খেলবে ফ্লিকের দল।