গুয়ার্দিওলার চোখে হলান্ড বিশেষ প্রতিভা
প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের দৌড়ে পাঁচ ম্যাচে ৯ গোল করে অন্যদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ম্যানচেস্টার সিটির এই ফরোয়ার্ড।
টানা দুই ম্যাচে হ্যাটট্রিক, প্রিমিয়ার লিগের ইতিহাসে প্রথম পাঁচ ম্যাচে সর্বোচ্চ গোলের রেকর্ড-পরিসংখ্যানের পাতার এই সংখ্যাগুলোই আর্লিং হলান্ডের কার্যকারিতার সাক্ষ্য দেয়। ক্যারিয়ারের শুরু থেকেই এমন অবিশ্বাস্য সব সংখ্যার জন্ম দিচ্ছেন তরুণ এই ফরোয়ার্ড। ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ার্দিওলার মতে, হলান্ডের পক্ষে এই সব কিছু সম্ভব, কারণ সে বিশেষ প্রতিভা।
বুন্ডেসলিগায় আলো ছড়ানো হলান্ড ভীষণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইংলিশ ফুটবলে তেমনই ভালো করতে পারবেন কি-না, এ নিয়ে সংশয় ছিল অনেকের। গত ৩০ জুলাই, এফএ কমিউনিটি শিল্ডে সিটির জার্সিতে অভিষেক ম্যাচে তার নিষ্প্রভ পারফরম্যান্সে কারো কারো মনে হয়তো ওই সংশয় শক্ত ভিত পেয়ে যাচ্ছিল।
তবে, সপ্তাহ ঘুরতেই সব প্রশ্ন যেন এক ফুঁতে উড়িয়ে দেন হলান্ড। প্রিমিয়ার লিগে প্রথম খেলতে নেমেই জোড়া গোল করেন তিনি। তার নৈপুণ্যে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ২-০ ব্যবধানে হারিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করে সিটি।
এরপর আরও চারটি ম্যাচ খেলেছে সিটি। তার একটিতেই কেবল জালের দেখা পাননি হলান্ড। গত দুই ম্যাচে তো তিনি ছিলেন অপ্রতিরোধ্য। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে পিছিয়ে থাকা সিটি তার ১৯ মিনিটের হ্যাটট্রিকেই ৪-২ গোলে জিতে যায়। আর সবশেষ বুধবার রাতে নটিংহ্যাম ফরেস্টের জালে ২৬ মিনিটে হ্যাটট্রিক করেন তিনি। সিটি জেতে ৬-০ গোলে।
নতুন দলে এসেই কারো এমন বিধ্বংসী হয়ে ওঠাটা কিছুটা চমক জাগানোই। তবে, গুয়ার্দিওলা চোখে এটা স্বাভাবিক ঘটনা। কারণ, নামটা যে আর্লিং হলান্ড।
প্যালেসের বিপক্ষে তার হ্যাটট্রিকের বিষয়ে কোচ বলেন, ‘এটা বিশেষ কিছু নয়!’ কারণ এমন কিছু তো সে ক্যারিয়ার জুড়েই করেই আসছে। সত্যিই তাই। বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে অভিষেক ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছিলেন, আউক্সবুর্কের বিপক্ষে।
নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে হ্যাটট্রিকের পরও হলান্ডকে নিয়ে অতি উচ্ছ্বাস ধরা দিল না গুয়ার্দিওলার কথায়। বিটি স্পোর্টকে ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় তিনি আবারও বললেন, হলান্ডের গোল করার প্রবণতা অবিশ্বাস্য, তবে দলের জয়ই তার কাছে আসল।
“আমি জানি, সে আনন্দিত এবং গোল করছে। তবে আমার মনে হয়, সে মূলত জিততে চায়। রেকর্ডগুলো ভালো। এই রেকর্ডগুলো সরিয়ে নিলে এবং সে গোল করতে না পারলে আমরা কিছু ম্যাচ জিততে পারব না। আমি নিশ্চিত, সেটা তার ভালো লাগবে না।”
“সে বিশেষ এক প্রতিভা। তার গোল করার প্রবণতা অবিশ্বাস্য। বলে তার প্রথম ছোঁয়াই গোল,…এটাই আর্লিং।”
নটিংহ্যামের বিপক্ষে ৩৮তম মিনিটে গোলমুখে স্টোনসের হেড পাস পেয়ে হেডেই হ্যাটট্রিক পূরণ করেন হলান্ড।
প্রিমিয়ার লিগে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার ঘটনা এই নিয়ে দেখা গেল আটবার। এর আগে এটা করে দেখিয়েছেন লেস ফার্ডিনান্ড, ইয়ান রাইট, থিয়েরি অঁরি, দিদিয়ের দ্রগবা, ওয়েইন রুনি ও হ্যারি কেইন (দুবার)।
আর সিটির জার্সিতে লিগের এক আসরে একাধিক হ্যাটট্রিক করা চতুর্থ খেলোয়াড় হলেন হলান্ড। অন্য তিন জন হলেন-সের্হিও আগুয়েরো (চারবার), রাহিম স্টার্লিং ও কার্লোস তেভেস।
“মাঠের সব বিভাগেই সে শক্তিশালী। তবে বিশেষ করে এক্ষেত্রে, সে যেন বক্সে গোলের গন্ধ পায়, অন্যরা যা পায় না। আর তার ফিনিশিং খুব ভালো।”
“কাজের প্রতি তার নিবেদনও অসাধারণ। সবকিছু সে যেভাবে করে, তা দেখে আমরা মুগ্ধ।”
প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের লড়াইয়ে শুরুতেই অনেকটা এগিয়ে গেছেন হলান্ড। তার মোট গোল ৯টি। প্রতিযোগিতাটির ইতিহাসে প্রথম পাঁচ ম্যাচে যা কোনো খেলোয়াড়ের সর্বোচ্চ। ভেঙে দিয়েছেন সাবেক দুই ফরোয়ার্ড আগুয়েরো ও মিকি কুইনের ৮ গোলের রেকর্ড।
গুয়ার্দিওলার উচ্ছ্বাসের কারণ অবশ্য আরও আছে। হলান্ডের পাশাপাশি খবরের হেডলাইনে জায়গা করে নিয়েছেন আরেক তরুণ হুলিয়ান আলভারেসও। নটিংহ্যামের বিপক্ষে জোড়া গোল করেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তাদের আরেক গোলদাতা জোয়াও কানসেলো।
পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের দুইয়ে আছে সিটি। পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।
