সাবিনার জন্য আলাদা পরিকল্পনা ছিল, বললেন পাকিস্তান কোচ
বাংলাদেশের বিপক্ষে ড্র করার পর সেমি-ফাইনালে যেতে ভারতের ‘একটু সাহায্যের’ আশায় আছেন পাকিস্তান কোচ আদিল রিজকি।
পাকিস্তানের বিপক্ষে সাবিনা খাতুনের দুই বছর আগের-পরের ম্যাচের পারফরম্যান্সে পার্থক্য এত! হ্যাটট্রিক উপহার দেওয়া বাংলাদেশ অধিনায়ক এবার লক্ষ্যে কোনো শটই রাখতে পারলেন না। ম্যাচ শেষের প্রতিক্রিয়ায় পাকিস্তান কোচ আদিল রিজকি বললেন, সাবিনাকে আটকে রাখার পরিকল্পনা সফল হওয়াতেই এটা সম্ভব হল।
নেপালের কাঠমাণ্ডুর দশরথ স্টেডিয়ামে রোববার শিরোপাধারী বাংলাদেশের সঙ্গে ১-১ গোলে ড্র করে পাকিস্তান। টিকিয়ে রাখে ‘এ’ গ্রুপ থেকে উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে যাওয়ার আশা।
গতবার গ্রুপ পর্বের দেখায় বাংলাদেশের বিপক্ষে ৬-০ গোলে হেরেছিল পাকিস্তান। সেই ম্যাচে তিন গোল করা সাবিনা এবার ছিলেন নিজের ছায়া হয়ে। ৭০ মিনিট মাঠে থাকলেও ধারাল কোনো আক্রমণই শাণাতে পারেননি গত সাফের সর্বোচ্চ গোলদাতা। পরিকল্পনা বাস্তবায়নের তৃপ্তির কথা ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে চওড়া হাসিতে জানালেন পাকিস্তান কোচ রিজকি।
“সাবিনা অসাধারণ খেলোয়াড়, আমি দুই বছর ধরে (তাকে থামানোর) চেষ্টা করেছি। শেষ ম্যাচটি আমার মনে আছে, সাবিনা একটাই, এখনও সাবিনা দক্ষিণ এশিয়ার সেরা খেলোয়াড়। একারণেই আমাদের তাকে মার্কিং করে ছক কষতে হয়েছে। মেয়েরা চমৎকার কাজ করেছে, ৬০-৭০ মিনিট, যতক্ষণ সাবিনা মাঠে ছিল, পরিকল্পনা অনুযায়ী মেয়েরা তাকে নিস্ক্রিয় করে রেখেছিল।”
৩২তম মিনিটে বাংলাদেশের ভুলে এগিয়ে যায় পাকিস্তান। ব্যবধান ধরে রাখতে পারেনি দলটি। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ঋতুপর্না চাকমার ক্রসে গোলমুখ থেকে শামসুন্নাহার জুনিয়রের হেড জড়ায় জালে।
৩ পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে রয়েছে ভারত। বাংলাদেশ ও পাকিস্তানের পয়েন্ট ১ করে। আগামী বুধবার ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ। এ মুহূর্তে গোল ব্যবধানে পাকিস্তান (-৩) পিছিয়ে। ভারতের বিপক্ষে তিন গোলের কম ব্যবধানে হারলেও বাংলাদেশ উঠবে সেমি-ফাইনালে। পাকিস্তান কোচ তাকিয়ে আগামী মঙ্গলবারের সেই ম্যাচের দিকে।
“আমি মনে করি, আমরা পরিকল্পনা অনুযায়ী খেলেছি। আমি জানি, দীর্ঘদিন পর খেলায় ফেরাটা কঠিন, যখন আপনি এক বছর খেলবেন না, ফিরে আসার চেষ্টা করবেন, ভারত এবং বাংলাদেশের মতো দলের বিপক্ষে খেলবেন, সেক্ষেত্রে কৌশলী হতে হবে।”
“মেয়েরা ভালো ফুটবল খেলেছে, বাংলাদেশকে ৯০ মিনিট পর্যন্ত আটকে রাখতে পেরেছে। আমরা গোল খেয়েছি ৯১তম মিনিটে, সব মিলিয়ে আমি মনে করি, আমাদের কাজ ভালোভাবে শেষ করেছি। এখন আমাদের আশা, ভারত আমাদের একটু সাহায্য করতে পারে, এটাই। আজকের ফলে আমি অবশ্যই হতাশ।”
