প্রত্যাবর্তনের স্বপ্ন না দেখে বার্সেলোনাকে বাস্তবতা মেনে নিতে বললেন এভরা
ফ্রান্সের সাবেক ফুটবলার পাত্রিক এভরার মতে, আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সামর্থ্য নেই কাতালান ক্লাবটির।
‘রেমনতাদা’, স্প্যানিশ ভাষায় যার অর্থ প্রত্যাবর্তন। বার্সেলোনার সমর্থকদের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে এই শব্দ। আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ লড়াইয়ে ঘুরে দাঁড়ানোর আশায় আছেন তারা। তবে এমন কিছু ঘটার সম্ভাবনা দেখেন না পাত্রিক এভরা। সাবেক ফরাসি ডিফেন্ডার তাই কাতালান ক্লাবটির ভক্তদের স্বপ্ন না দেখে বাস্তবতা মেনে নিতে বলেছেন।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে আতলেতিকোর বিপক্ষে ২-০ গোলে হারে বার্সেলোনা। সেই ব্যবধান ঘুচিয়ে সেমি-ফাইনালে জায়গা করে নেওয়ার লক্ষ্যে এবার তাদের লড়তে হবে প্রতিপক্ষের মাঠে। মেত্রোপলিতানোয় শেষ আটের দ্বিতীয় লেগ শুরু বাংলাদেশ সময় মঙ্গলবার রাত একটায়।
ম্যাচটিকে ঘিরে চলছে তুমুল আলোচনা। সামনে আনা হচ্ছে দুই দলের বিগত লড়াইগুলোর পরিসংখ্যান। সোমবারের সংবাদ সম্মেলনে বার্সেলোনার তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল বলেছেন, নিজেদের উজাড় করে দিয়ে শেষ চারে জায়গা করে নিতে চেষ্টা চালিয়ে যাওয়ার কথা।
তবে বার্সেলোনার প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখেন না এভরা। ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক লেফট-ব্যাক দিয়ারিও স্পোর্তকে বলেছেন, এই বার্সেলোনার পক্ষে আতলেতিকোর মাঠে জিতে শেষ চারে উঠা প্রায় অসম্ভব।
“শুনুন, বার্সেলোনা সমর্থকদের এখন ঘুম জেগে উঠে বাস্তবতার মুখোমুখি হওয়া উচিত। চারদিকে শুধু ‘রেমনতাদা’ (স্প্যানিশ ভাষায় প্রত্যাবর্তন) প্রোফাইল পিকচার দেখছি। এখন সময় হয়েছে বিনয়ী হয়ে সেগুলো সরিয়ে ফেলার। এটার ২০১৫ সালের বার্সেলোনা নয়; সেই দলের অস্তিত্ব এখন আর নেই। বারবার তাদের বড় মঞ্চে ভেঙে পড়তে দেখেছি। সত্যি বলতে, তাদের পক্ষে আর ঘুরে দাঁড়ানো সম্ভব নয়।”
কাম্প নউয়ে প্রথম লেগে একজন কম নিয়ে অনেকটা সময় খেলতে হয় বার্সেলোনাকে। ম্যাচের প্রথমার্ধেই লাল কার্ড দেখেন দলটির ডিফেন্ডার পাউ কুবার্সি। সেই প্রসঙ্গও তুলে ধরেন এভরা। সঙ্গে আতলেতিকোর প্রতি নিজের আস্থার কথা বলেন তিনি।
“চ্যাম্পিয়ন্স লিগে এখন ম্যাচে জেতার চেয়ে লাল কার্ড পাওয়ার সম্ভাবনাই বেশি থাকে তাদের, এটা অভ্যাসে পরিণত হয়েছে। দিয়েগো সিমেওনে ও তার দলের ওপর পূর্ণ আস্থা রয়েছে। তারা যোদ্ধা, তার পুরোপুরি প্রস্তুত এবং বার্সেলোনার যাত্রা থামিয়ে দিতে তৈরি।”
এত শোরগোল না করে বার্সেলোনা সমর্থকদের এখন চুপচাপ থাকতে বলেছেন ৪৪ বছর বয়সী এভরা।
“বার্সা ভক্তরা, শান্ত থাকুন ও চুপ থাকুন, কারণ ইউরোপের গল্পটা আলাদা…আর আপনারা এখন আর সেই রাজা নেই। আমি খেলাটিকে ভালোবাসি, তবে এর চেয়েও বেশি সত্যিকে ভালোবাসি।”
ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে একটি চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন এভরা। তবে এই প্রতিযোগিতার চারটি ফাইনালে হারের তেতো অভিজ্ঞতাও আছে তার, যার তিনটি বার্সেলোনার বিপক্ষে।
ইউনাইটেডে থাকাকালীন বার্সেলোনার সঙ্গে ২০০৯ ও ২০১১ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল হারেন এভরা। পরে ২০১৫ সালের ফাইনালে ইউভেন্তুসকে হারায় স্প্যানিশ ক্লাবটি, তখন ইতালিয়ান ক্লাবটিতে ছিলেন এভরা।
