২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলে যেভাবে জন্মদিন পালন করলেন মেসি

পঞ্চমবারের মতো বিশ্বকাপে জাতীয় দলের সঙ্গে জন্মদিন পালন করেছেন আর্জেন্টাইন মহানায়ক।

দলে যেভাবে জন্মদিন পালন করলেন মেসি
লিওনেল মেসির ৩৯তম জন্মদিন উপলক্ষে তার সঙ্গে নিজেদের ছবি সম্বলিত বিশেষ টি-শার্ট পরেন সতীর্থরা। ছবি: আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 07:24 PM

Updated : 11 Sep 2026, 03:29 PM

গ্রুপ শ্রেষ্ঠত্ব নিশ্চিত করার পর আনন্দের জোয়ারে অধিনায়ক লিওনেল মেসির ৩৯তম জন্মদিন পালন করেছেন তার আর্জেন্টিনা সতীর্থরা। এর কিছু ভিডিও, ছবি এসেছে সামাজিক মাধ‍্যমে।

গত সোমবার মিরোস্লাভ ক্লোসাকে (১৬) ছাড়িয়ে বিশ্বকাপের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হন মেসি (১৮)। বুধবার বিশ্বকাপে এ নিয়ে পঞ্চমবারের মতো জন্মদিন পালন করেন তিনি। 

সামাজিক মাধ্যমে আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের দেওয়া ছবিতে দেখা যায়, সতীর্থদের সঙ্গে কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন মেসি। ক‍্যানসাস সিটির এক বেকারি থেকে এই কেক আনা হয়, যার মালিকানায় আছেন এক আর্জেন্টাইন পেস্ট্রি শেফ।

ছবিতে তার পাশে থাকা সতীর্থরা সাদা রঙের টি-শার্ট পরে ছিলেন। ওই টি-শার্টের সামনে প্রিন্ট করা ছিল মেসির সঙ্গে তাদের প্রিয় মুহূর্তের একটি ছবি।

সামাজিক মাধ্যমে আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেসের দেওয়া পোস্টে দেখা যায়, টি-শার্টে ছবির পাশাপাশি মেসিকে নিয়ে একটি বার্তা লেখা ছিল।

“মানুষটি আমাদের জীবন বদলে দিয়েছে। অনেক অবিস্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে এবং বিশ্বাস করা শিখিয়েছে স্বপ্নকে বিশ্বাস করা সম্ভব।…সেরা সময়টা শুধু দেখা নয়, আপনার সঙ্গে ছিলাম। শুভ জন্মদিন অধিনায়ক। আপনাকে অনেক ভালোবাসি, অনেক সুখে থাকুন।”

সতীর্থদের পাশাপাশি ফিফা, তার বর্তমান ক্লাব ইন্টার মিয়ামি ও সাবেক ক্লাব বার্সেলোনা মেসিকে শুভেচ্ছা বার্তা দিয়েছে। এছাড়া তার শহর রোজারিওতে স্থানীয় প্রায় ৫ হাজার স্কুল পড়ুয়া শিশু একসঙ্গে তাকে জানায় জন্মদিনের শুভেচ্ছা। অনেকে কেকও এনেছিল তার জন্মদিন উপলক্ষে।