২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের মাঝ পথে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড!

এমএলএসে ভালো অবস্থানে না থাকা স্পোর্টিং ক‍্যানসাস সিটি হতে পারে ইংল্যান্ডের প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ।

বিশ্বকাপের মাঝ পথে প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড!
অনুশীলন করছে ইংল্যান্ড দল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 01:52 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

অভাবনীয় এক খবর জানিয়েছে একাধিক গণমাধ‍্যম। বিশ্বকাপের মাঝপথে মেজর লিগ সকারের দল স্পোর্টিং ক‍্যানসাস সিটির বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে চায় ইংল্যান্ড! 

বুধবার রাতে ক্রোয়েশিয়ার বিপক্ষে টেক্সাসের আরলিংটনে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ইংল্যান্ড। ওই ম্যাচ শেষে ক‍্যানসাসে দলটি নিজেদের বেইস ক্যাম্পে ফিরবে। ম্যাচের পরদিন বৃহস্পতিবার এখানে একটি ‘ক্লোজ ডোর’ প্রস্তুতি ম্যাচ খেলতে চায় তারা। এই ম্যাচের জন্য প্রতিপক্ষ খুঁজছেন দলটির কোচ টমাস টুখেল।

ইংল্যান্ডের কর্মকর্তাদের সঙ্গে এই ম্যাচের সম্ভাব্য প্রতিপক্ষ হতে আলোচনা চালাচ্ছে স্পোর্টিং ক‍্যানসাস সিটি। ইএসপিএন বলেছে, এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

গত বুধবার বিশ্বকাপের আগে কোস্টা রিকার বিপক্ষে নিজেদের সবশেষ প্রস্তুতি ম্যাচ খেলে ইংল্যান্ড। ৩-০ ব্যবধানে জয়ের পরের দিন ফ্লোরিডায় মায়ামি ফুটবল ক্লাবের বিপক্ষে আরেকটি প্রস্তুতি ম্যাচে মাঠে নামে তারা। ওই ম্যাচে সাবেক বিশ্ব চ‍্যাম্পিয়নরা জেতে ৬-০ ব্যবধানে। 

বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর এমন আরও একটি প্রস্তুতি ম্যাচ খেলতে চান ইংল্যান্ড কোচ।

“এটা সত্যি আমরা নিজেদের মধ্যে ম্যাচ খেলার চেষ্টা করছি। শুধুমাত্র সময়কে কাজে লাগানোর জন্য।”

“ম্যাচগুলোর আগে হাতে অনেক সময় আছে। বুধবার যারা সুযোগ পাবে না, তাদেরকে একটু বেশি সময় খেলার সুযোগ দিতে চাই। যাতে তারা চাপ ও ম্যাচে খেলার অভিজ্ঞতা পায়। শুধুমাত্র অনুশীলন করলে এটা সম্ভব নয়।”

আগের প্রস্তুতি ম্যাচের কথা স্মরণ করে টুখেল বলেন, শেষবারের মতো প্রস্তুতি ম্যাচ খেলতে চান তিনি।

“কোস্টা রিকার বিপক্ষে ম্যাচের পরদিন আমরা এমন (মিয়ামি এফসির বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলা) করেছি। আশা করি, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর এবারের মতো শেষবার আমরা এটা (প্রস্তুতি ম্যাচ খেলা) করব।”

বুধবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের পর ইংল্যান্ড মাঠে নামবে আগামী মঙ্গলবার রাতে, ঘানার বিপক্ষে। শেষ ম্যাচে আগামী ২৭ জুন রাতে পানামার মুখোমুখি হবে হ‍্যারি কেইনের দল।

বাছাইপর্বে কোন ম্যাচ না হেরে বিশ্বকাপে এসেছে ইংল্যান্ড। প্রস্তুতি ম‍্যাচের সম্ভাব‍্য প্রতিপক্ষ ক‍্যানসাস সিটি নিজেদের লিগে খুব একটা সুবিধাজনক অবস্থায় নেই। মেজর লিগ সকারের ওয়েস্টার্ন কনফারেন্স লিগে ১৪ ম্যাচে মাত্র তিন জয় পেয়েছে। বিপরীতে হেরেছে ৯ ম্যাচ।