মারাকানায় ‘অভিষেকে’ দলের কাছে আনচেলত্তির চাওয়া
প্রথমবার মারাকানা স্টেডিয়ামে ডাগআউটে দাঁড়ানোর মুহূর্ত সবসময় হৃদয়ে লালন করতে চান ব্রাজিল কোচ।
ম্যাচটি কার্লো আনচেলত্তির জন্য বিশেষ উপলক্ষ। রিও দে জেনেইরোর বিখ্যাত মারাকানা স্টেডিয়ামে প্রথমবার ডাগআউটে দাঁড়াবেন ব্রাজিল কোচ। চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের এই ম্যাচে দলের কাছে নিজের প্রত্যাশার কথাও জানিয়ে দিলেন তিনি।
বাংলাদেশ সময় আগামী শুক্রবার ভোরে চিলির মুখোমুখি হবে ব্রাজিল। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে আনচেলত্তি বললেন, ফুটবলের অনেক ইতিহাসের সাক্ষী মারাকানায় প্রথমবার ডাগআউটে দাঁড়ানোর মুহূর্ত সবসময় হৃদয়ে লালন করবেন তিনি।
“আমার জন্য এটি নতুন ও সুন্দর অভিজ্ঞতা, বিশ্ব ফুটবলের তীর্থস্থান মারাকানায় আমার প্রথমবার। নতুন অভিজ্ঞতা, যা আমি সবসময় মনে রাখব। ম্যাচের কথা বললে, আমি সেরাটা আশা করি, দল ভালো খেলবে, আত্মবিশ্বাস অর্জন করবে এবং খেলায় ভালো মনোভাব ও ‘ইনটেনসিটি’ রাখবে। বিশ্বকাপ পর্যন্ত আমরা এটিই অনুসরণ করতে চাই।”
সাবেক রেয়াল মাদ্রিদ কোচ আনচেলত্তির কোচিংয়ে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। বিশ্বকাপ বাছাইয়ে গত জুনে একুয়েডরের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর প্যারাগুয়েকে ১-০ গোলে হারায় পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা।
২০২৬ বিশ্বকাপের টিকেট এরই মধ্যে নিশ্চিত হয়ে গেছে ব্রাজিলের। অভিজ্ঞদের অনেককে বাইরে রেখে নতুন ও অনভিজ্ঞদের বাছাইয়ের শেষ দুই ম্যাচের দলে রেখেছেন আনচেলত্তি। অনুশীলনে নতুনদের পারফরম্যান্সে খুশি অভিজ্ঞ এই ইতালিয়ান কোচ।
“যাদের সম্পর্কে খুব একটা জানি না, তাদের সঙ্গে সময় কাটানোর, তাদের সঙ্গে কথা বলার এবং তাদের আরও ভালোভাবে জানার চেষ্টা করার সুযোগটি নিয়েছি আমি। খুব ইতিবাচক পরিবেশ, এবং আমি এতে খুব খুশি। এই দলে আমাদের নতুন খেলোয়াড় আছে এবং তাদের নিয়ে আমি খুশি; তারা ভালো কাজ করছে এবং কাজ নিয়ে মনোযোগী। দলে ইতিবাচক পরিবেশ। লক্ষ্য হলো বিশ্বকাপ পর্যন্ত এই পরিবেশ বজায় রাখা।”
চিলির বিপক্ষে ম্যাচের চার দিন পর বলিভিয়ার মাঠে খেলবে ব্রাজিল।
