২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-মালদ্বীপ ম্যাচ দেখে বাংলাদেশের ছক

উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের জালে ভারতের গোল উৎসব মাঠে বসে দেখেছেন বাংলাদেশ দলের কোচিং স্টাফরা।

ভারত-মালদ্বীপ ম্যাচ দেখে বাংলাদেশের ছক
উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা ধরে রাখার অভিযানে নামার আগে অনুশীলন করছে বাংলাদেশ দল।  ছবি: বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 11:42 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

গ্যালারিতে বসে ভারতের দাপট দেখেছেন কোচ পিটার জেমস বাটলারসহ তার কোচিং স্টাফেরা। উইমেন’স সাফ চ্যাম্পিয়নশিপের রেকর্ড চ্যাম্পিয়নরা মালদ্বীপকে স্রেফ উড়িয়ে দিয়েছে। গোল উৎসব দিয়ে মুকুট ফিরে পাওয়ার অভিযান শুরু করেছে ভারত। বাংলাদেশের প্রস্তুতির ছকও নতুন করে কষতে বসেছেন বাটলার। কেননা, গ্রুপ পর্বে ভারতই তার মূল প্রতিদ্বন্দ্বী।

গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে সোমবার মালদ্বীপকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে ভারত। 

মালদ্বীপের বিপক্ষে বৃহস্পতিবারের ম্যাচ দিয়ে ‘বি’ গ্রুপে যাত্রা শুরু করবে বাংলাদেশ। গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে গোল ব্যবধান দলের জন্য গুরুত্বপূর্ণ। সেমি-ফাইনালে নেপালকে এড়াতে হলে ভারতকে পেছনে ফেলে গ্রুপ সেরা হতে হবে বাংলাদেশকে।

গ্রুপ পর্বে বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচ খেলবে ৩১ মে, ভারতের বিপক্ষে। তাই মালদ্বীপের বিপক্ষে ম্যাচে জয়ের পাশাপাশি ব্যবধানও বাড়িয়ে নেওয়ার লক্ষ্য থাকবে দলের। বাটলারের সহকারী আবুল হোসেনও বললেন, ভারত-মালদ্বীপ ম্যাচ দেখে পরের ছকগুলো কষবেন তারা। 

“প্রতিপক্ষ সবসময় প্রতিপক্ষই। তারা সবসময় শক্তিশালী। আমরা তাদের নিয়েই চিন্তা করব, আমরা আগেও চিন্তা করেছি তাদের নিয়ে যে, তাদের সাথে আমরা কীভাবে খেলব। এবং আজকে তাদের (ভারত-মালদ্বীপের) ম্যাচ, প্রথম ম্যাচ, আমরা সেই ম্যাচটা, আমরা টেকনিক্যাল স্টাফরা যারা আছি, আমরা ম্যাচটা দেখে আমাদের পরবর্তী যে সেশনগুলি আছে, সেই সেশনগুলি আমরা সেইভাবেই তৈরি করব।”

ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে রোববারের অনুশীলনে কৌশলগত বিষয়, রক্ষণ সামলে আক্রমণে ওঠা নিয়ে কাজ হয়েছে বলে জানালেন আবুল। থাইল্যান্ডে দুই সপ্তাহের প্রস্তুতি নিয়ে আসা মেয়েরা মাফের লড়াইয়ের জন্য মুখিয়ে আছে, বললেন তিনি।

“ট্রেনিংয়ে আমরা ফেইজ অফ প্লে-তে ছিলাম, আমাদের ট্যাকটিক্যাল কাজগুলি হয়েছে যে, আমরা কীভাবে ডিফেন্ডিং করব এবং কীভাবে আক্রমণে যাব। এটা নিয়ে কোচ অনেকবার কাজ করেছে যে শেইপটা কীভাবে ঠিক রাখব বল পায়ে থাকলে, না থাকলে, এগুলো নিয়ে আমাদের বেশি কাজ হয়েছে।”

“দলের সার্বিক অবস্থাটা আমরা থাইল্যান্ড থেকে বুঝতে পেরেছি। থাইল্যান্ডে মেয়েরা খুব কঠোর পরিশ্রম করেছে। এরপর আমরা এখানে এসেছি, এখন সবাই ম্যাচ খেলার জন্য উদ্দীপ্ত হয়ে আছে; ভালো করার জন্য মুখিয়ে আছে। ভালো করতে মেয়েরা অনেক পরিশ্রম করছে। খুব ভালো অনুশীলন করছে। আশা করি, মেয়েরা খুব ভালো করবে।”