বুয়াদিকে নিয়ে ধৈর্য ধরতে বললেন সিটি কোচ
ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে মরক্কোর প্রতিভাবান এই ফুটবলারের ব্যাপারে সতর্কতামূলক পদক্ষেপ নেবে ক্লাবটি।
অল্প বয়সে আলো ছড়িয়ে ফুটবল বিশ্বে পরিচিত মুখ হয়ে উঠেছেন আয়ুব বুয়াদি। ফ্রান্সে জন্ম নেওয়া মরক্কোর এই মিডফিল্ডার প্রথমবারের মতো খেলবেন ইংলিশ ফুটবলে। তাকে দলে নেওয়া ম্যানচেস্টার সিটি কোচ এন্টসো মারেস্কা বলেছেন, ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিতে তরুণ এই ফুটবলারের ব্যাপারে ক্লাব সতর্কতামূলক পদক্ষেপ নেবে।
লিল থেকে বুয়াদিকে পাঁচ বছরের জন্য দলে নেওয়ার কথা গত বুধবার জানায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটি। শুক্রবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে অনুষ্ঠেয় লিগ ম্যাচের আগে মারেস্কা সাংবাদিকদের বলেন, ১৮ বছর বয়সী এই ফুটবলারের উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।
“সে প্রস্তুত, সে তার আগের ক্লাবের সঙ্গে অনুশীলন করছিল, তাই সে ফিট আছে। সে বেশ শান্ত, তাকে দেখে মনে হয় না সে ১৮ বছরের।
“এই ক্ষেত্রে আমাদের ধীরে ধীরে এগোতে হবে, কারণ সে খুব তরুণ এবং অন্য একটি দেশ থেকে এসেছে। তাই তার জন্য কোনো তাড়াহুড়ো নেই, তবে এটা নিশ্চিত যে, এখন এবং ভবিষ্যতে আমাদের সাহায্য করবে সে।”
লিলের ‘বি’ দল হয়ে ২০২৩ সালের অক্টোবরে এই ক্লাব দিয়েই পেশাদার ফুটবলে অভিষেক হয় বুয়াদির, ১৬তম জন্মদিনের তিন দিন পর ক্লাবটির জার্সিতে মাঠে নামা সবচেয়ে কম বয়সী খেলোয়াড়ের রেকর্ড গড়েন তিনি। লিলের হয়ে সব মিলিয়ে ৯৬ ম্যাচ খেলেন এই ফুটবলার। গত মৌসুমে লিগ আঁয় ৩০টি ম্যাচে মাঠে ছিলেন তিনি।
বয়সভিত্তিক ফুটবলে জন্মভূমি ফ্রান্সের হয়ে খেলা বুয়াদির গত মে মাসে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় মরক্কোর হয়ে। পরে বিশ্বকাপের দলেও জায়গা পান তিনি। ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব মঞ্চে অভিষেক হয় তার। কোয়ার্টার-ফাইনালে ওঠার পথে মরক্কোর ছয় ম্যাচের পাঁচটিতেই তিনি ছিলেন শুরুর একাদশে।
