২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা বাড়ল আরও

বিশ্বকাপে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা আরও ফিকে হয়ে গেছে।

বিশ্বকাপে নেইমারের খেলা নিয়ে অনিশ্চয়তা বাড়ল আরও
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2026, 07:13 PM

Updated : 11 Sep 2026, 03:19 PM

চমক জাগিয়ে নেইমার বিশ্বকাপ দলে জায়গা করে নিলেও, তাকে নিয়ে আশঙ্কা কমেনি। বরং সময়ের সঙ্গে যেন তা বাড়ছে। সবশেষ খবর, নতুন করে পাওয়া চোটে দুই-তিন সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি।

সুপরিচিত সাংবাদিক ফাব্রিসিও রোমানো ফেইসবুকে এক পোস্টে লিখেছেন, চোট পেয়েছেন নেইমার এবং দুই-তিন সপ্তাহের জন্য নিশ্চিতভাবে বাইরে থাকবেন তিনি।

ব্রাজিল জাতীয় দলের চিকিৎসক রদ্রিগো লাসমার নিশ্চিত করেছেন, পেশিতে চোট পেয়েছেন নেইমার। 

২০২৩ সালের অক্টোবরে পর, জাতীয় দলের হয়ে আর মাঠে নামা হয়নি নেইমারের। কারণ মূলত চোট আর ফিটনেস সমস্যা। তবে আসছে বিশ্বকাপে তাকে দলে নেওয়ার বিষয়ে ব্রাজিলিয়ান দাবি ছিল জোরাল। সে কারণেই কি-না, গত ১৮ মে সেলেসাওদের হয়ে সর্বোচ্চ ৭৯ গোল করা তারকাকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেন কার্লো আনচেলত্তি।

অবশ্য দল ঘোষণার আগের দিন থেকে আরেক চোটে মাঠের বাইরে আছেন নেইমার। শুরুতে যদিও তার ডান পায়ের এই পেশির চোট গুরুতর নয় বলে  জানানো হয়; কিন্তু দিনে দিনে জটিলতা কেবলই বেড়েছে।

গত বুধবার দলের সঙ্গে অবশ্য যোগ দেন নেইমার। তবে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) নিশ্চিত করেছে, ডান পায়ের পেশির চোট থেকে সেরে ওঠার লড়াইয়ে থাকা ফরোয়ার্ড এ দিনের রুদ্ধদ্বার অনুশীলনে অংশ নেননি এবং ‘ইমেজিং’ পরীক্ষার জন্য তাকে একটি বেসরকারি ক্লিনিকে পাঠানো হয়েছে।

সূত্রের বরাতে ইএসপিএন ব্রাজিল জানায়, ব্রাজিলের মেডিকেল স্টাফ প্রধান রদ্রিগো লাসমারের সঙ্গে নেইমার ক্লিনিকে গিয়েছিলেন, যেখানে তার এমআরআই স্ক্যান করানো হয়।

এরপরই এলো রোমানোর দেওয়া এই খবর, যা ব্রাজিলের বিশ্বকাপ অভিযানে অনেক বড় আঘাত।

আগামী রোববার পানামার বিপক্ষে এবং ৫ জুন মিশরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচে তো বটেই, আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে বিশ্বকাপ যাত্রা শুরুর ম্যাচেও তার খেলার সম্ভাবনা এখন শেষই বলা যায়।  

‘সি’ গ্রুপে ব্রাজিলের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি। ২০ জুনন হাইতির মুখোমুখি হবে আনচেলত্তির দল এবং গ্রুপের শেষ রাউন্ডে ২৫ জুন তারা খেলবে স্কটল্যান্ডের বিপক্ষে।