এশিয়ান গেমস: ১৭ হাজারের বেশি অ্যাথলেট-কর্মকর্তার থাকার ব্যবস্থা ‘নিশ্চিত’
নিবন্ধনের সংখ্যা প্রত্যাশার চেয়ে অনেক বেড়ে গেলেও, সকলের আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে আয়োজক কমিটি ও অলিম্পিক কাউন্সিল অব এশিয়া।
জাপানে অনুষ্ঠেয় আইচি-নাগোয়া এশিয়ান গেমসের জন্য নিবন্ধনের সংখ্যা প্রত্যাশার চেয়ে অনেক বেড়ে যাওয়ায় অ্যাথলেটদের আবাসন নিয়ে তৈরি হয়েছিল উদ্বেগ। তবে আয়োজক কমিটি এবং অলিম্পিক কাউন্সিল অব এশিয়া (ওসিএ) শুক্রবার জানিয়েছে, জুলাই মাসে শেষ সময়ের আগে নিবন্ধিত ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তার সকলের থাকার ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
নিবন্ধনের সংখ্যা প্রত্যাশিত ১৫ হাজারের অনেক বেশি হওয়ায় অংশগ্রহণকারীর সংখ্যা কমানোর উপায় নিয়ে আলোচনা চলার কথা সম্প্রতি রয়টার্সকে জানায় আয়োজকরা। এর দুই দিনের মাথায় আয়োজক কমিটি এবং ওসিএ এর এই যৌথ বিবৃতি এলো।
বিবৃতিতে বলা হয়েছে, “জুলাই মাসে নামসহ নিবন্ধনের শেষ সময়ের আগে এশিয়ান গেমসের জন্য নিবন্ধিত ১৭ হাজারের বেশি অ্যাথলেট ও কর্মকর্তার সকলকেই গেমসের জন্য উপযুক্ত আবাসনের ব্যবস্থা করে দেওয়া হয়েছে।”
“ব্যতিক্রমী পরিস্থিতি ছাড়া আর কোনো নিবন্ধনের অনুমতি দেওয়া হয়নি বা হবে না।”
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের আইচি ও নাগোয়াতে হবে এশিয়ান গেমসের ২০তম আসর। গত সপ্তাহে ওসিএ জানিয়েছিল, গেমসের জন্য অংশগ্রহণকারীর সংখ্যা বেড়ে প্রায় ১৭ হাজারে দাঁড়িয়েছে, যার মধ্যে ১১ হাজার অ্যাথলেট এবং ৬ হাজার কর্মকর্তা রয়েছেন।
অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধির ফলে আবাসন নিয়ে দেখা দেয় উদ্বেগ। কারণ, অ্যাথলেট ও কর্মকর্তাদের প্রথাগত ‘ভিলেজ’ এর পরিবর্তে হোটেল, নাগোয়ার অস্থায়ী কাঠের আবাসন এবং কোস্টা সেরেনা ক্রুজ জাহাজে থাকার ব্যবস্থা করবে আয়োজকরা।
গত মঙ্গলবার আয়োজক কমিটির প্রধান হিদেয়াকি ওমুরা বলেন, আয়োজকরা ১৫ হাজার অংশগ্রহণকারীর জন্য বাজেট করেছেন। আয়োজক শহরের সঙ্গে চুক্তিতে নির্দিষ্ট করা সংখ্যা এটি।
“যদি সেই সংখ্যা (১৫ হাজার) ছাড়িয়ে যায়, তাহলে আমাদের খুব বেশি কিছু করার থাকবে না। আমাদের কাছে আবাসনের জায়গার অভাব রয়েছে... তা সত্ত্বেও যদি তারা আসতে চায়, তাহলে তাদের নিজেদেরই এর (থাকার) ব্যবস্থা করতে হবে।”
ওমুরা একই সঙ্গে আইচি অঞ্চলের গভর্নরও। তিনি জানান, গেমসে প্যাডেল ও টেকবলের মতো খেলাগুলো যুক্ত হওয়ায় আয়োজকদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে এবং সংশ্লিষ্ট এশিয়ান ও জাপানি ফেডারেশনগুলো এই প্রতিযোগিতাগুলো আয়োজন ও অর্থায়নে সহায়তা করছে।
অংশগ্রহণকারীর সংখ্যা বৃদ্ধি নিয়ে উদ্বেগ থাকা সত্ত্বেও, ওসিএ এবং আয়োজকদের দাবি, গেমসের জন্য প্রস্তুতি সঠিক পথেই চলছে।
