২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২০২৬ পর্যন্ত ইউনাইটেডের দায়িত্বে টেন হাগ

ইংল্যান্ডের শীর্ষ লিগে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নদের পুরোনো গৌরব ফিরিয়ে আনার আরেকটি সুযোগ পাচ্ছেন এই ডাচ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2024, 05:45 PM

Updated : 26 Aug 2026, 09:55 AM

বাজে মৌসুম কাটানোর পরও ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্বে টিকে গেছেন এরিক টেন হাগ। তার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছে প্রিমিয়ার লিগের সফলতম ক্লাবটি। আগামী ২০২৬ সাল পর্যন্ত দলটিতে থাকবেন তিনি। 

টেন হাগের সঙ্গে নতুন চুক্তি করার কথা বৃহস্পতিবার বিবৃতি দিয়ে জানায় ইউনাইটেড। ইংল্যান্ডের শীর্ষ লিগে রেকর্ড ২০ বারের চ্যাম্পিয়নদের পুরোনো গৌরব ফিরিয়ে আনার আরেকটি সুযোগ পাচ্ছেন এই ডাচ কোচ।

অষ্টম অবস্থানে থেকে গতবার লিগ শেষ করে ইউনাইটেড। প্রিমিয়ার লিগের ইতিহাসে যা তাদের সবচেয়ে বাজে মৌসুম। টেন হাগের কোচিংয়েই অবশ্য লিগ চ্যাম্পিয়ন নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে হারিয়ে এফএ কাপ শিরোপা জেতে দলটি।

তবুও ওল্ড ট্র্যাফোর্ডে টেন হাগের ভবিষ্যৎ ঝুলছিল অনিশ্চয়তার সুতোয়। ধারণা করা হচ্ছিল, তাকে যেকোনো সময় বরখাস্ত করা হতে পারে। কিন্তু আরও দুই বছর ৫৪ বছর বয়সী এই কোচকে সুযোগ দিল ইউনাইটেড।

ইউনাইটেডের সঙ্গে টেন হাগের আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৪-২০২৫ মৌসুম পর্যন্ত। এখন নতুন করে আরও এক বছর বাড়ানো হয়েছে সেটা।

টেন হাগ দায়িত্ব নেওয়ার পর নতুন খেলোয়াড় কেনায় ৪০ কোটি পাউন্ড খরচ করেছে ক্লাবটি। কিন্তু দিনকে দিন কেবল তাদের পারফরম্যান্সের অবনতিই হচ্ছে।

২০২২ সালের জুলাইয়ে টেন হাগ যোগ দেওয়ার পর তার কোচিংয়ে প্রথম মৌসুমে শুরুতে ধুঁকলেও পরে ঘুরে দাঁড়ায় দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ৯ ম্যাচ জেতে তারা। পায় লিগ কাপ জয়ের স্বাদ। প্রিমিয়ার লিগ শেষ করে তৃতীয় হয়ে।

কিন্তু ২০২৩-২৪ মৌসুমে দলটির পারফরম্যান্স আরও খারাপ হয়ে যায়। তবে, লিগে সময়টা বাজে কাটলেও দলকে এনে দেন তিনি এফএ কাপ শিরোপা।