২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সালাহর ২৫০, লিভারপুলের স্বস্তির জয়

লিগে টানা চার হারের পর জয়ের স্বাদ পেল আর্না স্লটের দল।

সালাহর ২৫০, লিভারপুলের স্বস্তির জয়
মাইলফলক ছোঁয়া গোলে লিভারপুলকে এগিয়ে নেন মোহামেদ সালাহ (ডান থেকে দ্বিতীয়)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2025, 04:01 AM

Updated : 26 Aug 2026, 02:35 PM

আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠা লড়াইয়ের মাঝে হাস্যকর এক ভুল করে বসলেন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস। প্রতিপক্ষের উপহার পেয়ে দলকে এগিয়ে নিলেন মোহামেদ সালাহ। চোট কাটিয়ে ফেরার উপলক্ষ গোল করে রাঙালেন রায়ান গ্রাভেনবার্চ। অ্যাস্টন ভিলাকে হারিয়ে জয়ের পথে ফিরল লিভারপুল।

অ্যানফিল্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে শিরোপাধারীরা। দুই অর্ধে হয়েছে একটি করে গোল।

লিভারপুলের তৃতীয় খেলোয়াড় হিসেবে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৫০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন মিশরীয় তারকা সালাহ। তার ওপরে আছেন রজার হান্ট (২৮৫) ও ইয়ান রাশ (৩৪৬)।

সব প্রতিযোগিতা মিলিয়ে সাত ম্যাচের ছয়টিতে হারের পর এলো লিভারপুলের এই জয়। লিগে টানা চার হারের পর জয়ের স্বাদ পেল আর্না স্লটের দল। টানা চার জয়ের পর পরাজয়ের তেতো অভিজ্ঞতা হলো ভিলার।

১০ ম্যাচে ছয় জয়ে ১৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে উঠেছে লিভারপুল। তাদের সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে এক ম্যাচ কম খেলা বোর্নমাউথ। ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্সেনাল।

১৫ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে আছে ভিলা।

ম্যাচে ৫৪ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৬টি শট নিয়ে চারটি লক্ষ্যে রাখতে পারে লিভারপুল। ভিলার ১০ শটের তিনটি লক্ষ্যে ছিল।

পঞ্চম মিনিটে এগিয়ে যেতে পারত ভিলা। বক্সের বাইরে থেকে ইংলিশ উইঙ্গার মর্গ্যান রজার্সের জোরাল শট পোস্টে লাগে। ১৯তম মিনিটে ম্যাটি ক্যাশের শট ঠেকান লিভারপুল গোলরক্ষক জিওর্জি মামারদাশভিলি।

প্রতিপক্ষের ভুলে ২৩তম মিনিটে সুযোগ পান লিভারপুলের দমিনিক সোবোসলাই। তার শট রুখে জাল অক্ষত রাখেন মার্তিনেস। ৩৩তম মিনিটে সোবোসলাইয়ের আরেকটি প্রচেষ্টা ব্যর্থ করে দেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলরক্ষক। 

৪৩তম মিনিটে উগো একিটিকে হেডে ভিলার জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে মার্তিনেসের ওই ভুলে এগিয়ে যায় লিভারপুল।

ডিফেন্ডার পাউ তরেসের ব্যাক-পাস পেয়ে, তাকে ফিরতি পাস দিতে গিয়ে গড়বড় করেন মার্তিনেস; বল তরেসের বরাবর ছিল না। কোনাকুনি শটে জাল খুঁজে নেন সালাহ। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না মার্তিনেসের।

৫৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। আলেক্সিস মাক আলিস্তেরের পাসে বক্সের বাইরে থেকে গ্রাভেনবার্চের শট ভিলার পাউ তরেসের পায়ে লেগে জালে জড়ায়।

বাকি সময়ে সুযোগ পায় দুই দলই, তবে কাজে লাগাতে পারেনি কেউ। 

আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে ১-০ গোলে হারিয়ে, ১০ ম্যাচে পাঁচ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে চেলসি। সমান পয়েন্ট নিয়ে চারে টটেনহ্যাম।