২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লিল থেকে ফরাসি গোলরক্ষক দলে নিল পিএসজি

ইউরোপ চ্যাম্পিয়নদের স্কোয়াডে তারকা গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার ভবিষ্যৎ বিকল্প হিসেবে দেখা হচ্ছে তরুণ লুকাস শুভালিয়েকে।

লিল থেকে ফরাসি গোলরক্ষক দলে নিল পিএসজি
লুকাস শুভালিয়ে। ছবি: পিএসজি এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2025, 03:39 PM

Updated : 26 Aug 2026, 01:33 PM

পোস্টে নতুন বিকল্প যোগ করেছে পিএসজি। লিল থেকে ফরাসি গোলরক্ষক লুকাস শুভালিয়েকে দলে এনেছে ইউরোপ চ্যাম্পিয়নরা।

শুভালিয়েকে পাঁচ বছরের চুক্তিতে দলে টানার খবরটি শনিবার জানিয়েছে প্যারিসের ক্লাবটি। ট্রান্সফার ফির বিষয়ে কোনো পক্ষ থেকেই কিছু জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর, অঙ্কটা প্রায় চার কোটি ইউরো।

দলকে অনেক সাফল্য এনে দেওয়া জানলুইজি দোন্নারুম্মা এখনও কোচ লুইস এনরিকের প্রথম পছন্দ। তবে পিএসজিতে ইতালিয়ান গোলরক্ষকের চুক্তির মেয়াদ বাকি আছে আর মাত্র এক বছর। বিষয়টি বিবেচনায় নিয়েই হয়তো, দলে তার নতুন বিকল্প যোগ করল ফরাসি চ্যাম্পিয়নরা।

চ্যাম্পিয়ন শিবিরে যোগ দিতে পেরে ভীষণ খুশি শুভালিয়ে। দিলেন নিজেকে নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি।

“যেন স্বপ্নের মধ্যে আছি। ছোটবেলা থেকেই আমি শীর্ষ পর্যায়ে খেলতে চেয়েছি। এখানে আসতে পেরে আমি উচ্ছ্বসিত। সর্বোচ্চ আবেগ নিয়ে আমি এই জার্সি পরব।”

লিলের একাডেমিতে বেড়ে উঠে, মাঝে এক বছর ধারে অন্য ক্লাবে খেলে, ২০২২-২৩ মৌসুমে ফরাসি ক্লাবটির প্রথম পছন্দের গোলরক্ষক হয়ে ওঠেন শুভালিয়ে। আর ২০২৪-২৫ মৌসুমে লিগ আঁয় সবাইকে ছাড়িয়ে যান; ফ্রান্সে পেশাদার ফুটবলারদের সংগঠন ইউএনএফপি ট্রেড ইউনিয়নের ভোটাভুটিতে এই মৌসুমে সেরা গোলরক্ষক নির্বাচিত হন তিনি।

ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি উঁচিয়ে ধরাসহ গত মৌসুমে ট্রেবল জয়ী পিএসজি আগামী বুধবার আরেকটি শিরোপা লড়াইয়ে নামবে; উয়েফা সুপার কাপে তারা লড়বে ইউরোপা লিগ জয়ী টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে।