১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডিসেম্বরে শিরোপা নিয়ে প্রশ্ন এমেরির কাছে অর্থহীন

শিরোপা নিয়ে প্রশ্নে দুই বছর আগের অভিজ্ঞতা সামনে আনলেন অ‍্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি।

ডিসেম্বরে শিরোপা নিয়ে প্রশ্ন এমেরির কাছে অর্থহীন
অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2025, 10:05 PM

Updated : 26 Aug 2026, 05:26 PM

এখনও লিগের ২০ রাউন্ড বাকি। এই সময়ে শিরোপা লড়াই নিয়ে কথা বলার কোনো অর্থ দেখছেন না অ‍্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি। মৌসুম শেষের অবস্থানের কথা বলে অহেতুক সময় নষ্ট করার চেয়ে বর্তমানের দারুণ পথচলা উপভোগ করতে চান তিনি। 

ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার আর্সেনালের মুখোমুখি হবে ভিলা। ১৮ ম‍্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে তিনে আছে দলটি। ৪২ পয়েন্ট নিয়ে চূড়ায় আর্সেনাল। ৪০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে ম‍্যানচেস্টার সিটি।

ম‍্যাচের আগের দিন এমেরির সংবাদ সম্মেলনে এলো শিরোপার প্রসঙ্গ। সেটার গভীরে যেতে চাইলেন না এই স্প‍্যানিশ কোচ। মনে করিয়ে দিলেন দুই বছর আগের অভিজ্ঞতা।

“দুই বছর আগে আমরা ৩৯ পয়েন্ট নিয়ে মৌসুমের প্রথম অংশ শেষ করেছিলাম। এখন, আমাদের পয়েন্ট ৩৯ এবং আপনারা সেই একই প্রশ্ন করছেন। দুই বছর আগে এই প্রশ্নটাই আপনারা করেছিলেন। ১৯ ম‍্যাচে আমাদের পয়েন্ট ছিল ৩৯ এবং আমরা আসর শেষ করেছিলাম চারে থেকে, জায়গা পেয়েছিলাম চ‍্যাম্পিয়ন্স লিগ।” 

“অবশ‍্যই সেটা ছিল দুর্দান্ত; কিন্তু আমার মতে, শিরোপা নিয়ে কথা বলা আমাদের জন‍্য অর্থবহ কিছু নয়। এখন এই ডিসেম্বরে শিরোপা নিয়ে কথা বলা অর্থহীন।” 

আর্সেনালের মুখোমুখি হওয়ার আগে প্রিমিয়ার লিগে টানা আটটিসহ সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১১ ম্যাচ জিতেছে ভিলা। আপাতত দুর্দান্ত এই পথচলা উপভোগ করতে চান এমেরি।

“অবশ‍্যই আমরা অনুপ্রাণিত। আপাতত আগামীকাল আমরা যে ম‍্যাচ খেলতে চাই, এর জন‍্য মোমেন্টাম আমাদের পক্ষে আছে। ওদের আর আমাদের মধ‍্যে পার্থক‍্য ৩ পয়েন্ট। এটাই আমাদের অনুপ্রেরণা। কিন্তু এখন যদি আমরা ৩৮ ম‍্যাচ পরের কথা ভাবি, এর মানে আমরা বর্তমানকে উপভোগ করছি না।”