বড় জয়ে লিগ শুরু ম্যানচেস্টার সিটির
জোড়া গোল করেছেন আর্লিং হলান্ড, প্রিমিয়ার লিগে অভিষেকে জালের দেখা পেয়েছেন টিজানি রেইডার্স ও হায়ান শের্কি।
ম্যাচ জুড়ে দারুণ পারফরম্যান্সে প্রিমিয়ার লিগে অভিষেকের উপলক্ষ রাঙালেন টিজানি রেইডার্স। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে সামনে পেয়ে আরেকবার জ্বলে উঠলেন আর্লিং হলান্ড। অনায়াস জয়ে লিগ শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরু করল ম্যানচেস্টার সিটি।
নতুন মৌসুমে প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচটি ৪-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।
প্রতিপক্ষের মাঠে শনিবার প্রথমার্ধে হলান্ড দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান রেইডার্স। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় গোল করেন হলান্ড। তার বদলি নেমে প্রিমিয়ার লিগে অভিষেকে জালের দেখা পান হায়ান শের্কি।
ম্যাচে প্রায় ৫৯ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ১৫টি শট নিয়ে সিটি লক্ষ্যে রাখতে পারে ৪টি এবং সবগুলোই সফল। উলভারহ্যাম্পটনের ৯ শটের ৩টি লক্ষ্যে ছিল।
আগের দিন লিভারপুল-বোর্নমাউথ ম্যাচের মতো উলভারহ্যাম্পটন-সিটি ম্যাচেও নানা আয়োজনে স্মরণ করা হয় প্রয়াত ফুটবলার দিয়োগো জটাকে। লিভারপুলের আগে উলভারহ্যাম্পটনের হয়ে খেলেছিলেন তিনি।
ঢিমেতালে শুরু ম্যাচে সিটি প্রথম পরিষ্কার সুযোগ পায় ১৯তম মিনিটে। বের্নার্দো সিলভার ক্রসে কাছ থেকে হলান্ডের হেড লক্ষ্যে থাকেনি। পাঁচ মিনিট পর উলভারহ্যাম্পটনের মার্শাল মানেৎসি হেডে সিটির জালে বল পাঠালেও পরিষ্কার অফসাইডে ছিলেন তিনি।
৩৪ থেকে ৩৭, চার মিনিটের মধ্যে দুই গোল করে ম্যাচে চালকের আসনে বসে যায় সিটি।
প্রথম গোলটি হলান্ড করলেও সেখানে বড় অবদান রেইডার্সের। প্রতিপক্ষের একজনকে কাটিয়ে তিনি চমৎকার ফ্লিকে বল দেন বক্সে, ডান দিক থেকে রিকো লুইসের পাসে দূরের পোস্টে অনায়াসে ফাঁকা জালে বল পাঠান হলান্ড।
সেই রেশ থাকতে থাকতে রেইডার্স নিজেই নাম তোলেন স্কোরশিটে। অস্কার ববের বক্সে বাড়ানো বল ছুটে গিয়ে প্রথম স্পর্শে বাঁ পায়ের কোনাকুনি শটে জালে পাঠান ২৭ বছর বয়সী ডাচ মিডফিল্ডার।
৬১তম মিনিটে ব্যবধান বাড়ান হলান্ড। রেইডার্সের পাস বক্সে পেয়ে ছুটে গিয়ে বাঁ পায়ের নিচু শটে গোলটি করেন নরওয়ের তারকা।
প্রিমিয়ার লিগে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ৬ ম্যাচে দুটি হ্যাটট্রিকসহ হলান্ডের গোল হলো মোট ১০টি।
৭৩তম মিনিটে হলান্ডকে তুলে শের্কিকে নামান কোচ গুয়ার্দিওলা। মাঠে নেমে গোল পেতে ফরাসি উইঙ্গারের লাগে কেবল ৭ মিনিট ৬ সেকেন্ড।
নিকো ও’রাইলিকে ব্যাক-হিল ফ্লিকে বল দিয়ে এগিয়ে যান শের্কি। প্রতিপক্ষের পা থেকে পাওয়া বল বক্সের বাইরে থেকে নিচু শটে জালে পাঠান ২১ বছর বয়সী ফুটবলার।
দিনের আরেক ম্যাচে, বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। ২০১৬-১৭ মৌসুমের পর প্রিমিয়ার লিগে ফেরার উপলক্ষ সান্ডারল্যান্ড রাঙিয়েছে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে।
এছাড়া ব্রাইটন ও ফুলহ্যাম ১-১ এবং অ্যাস্টন ভিলা ও নিউক্যাসল ইউনাইটেড ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
