ড্র করে ফের কাজাখস্তানের মুখোমুখি মেয়েরা
প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৮ উইমেন’স এশিয়া কাপ হকির শেষ চারে ওঠা বাংলাদেশ খেলবে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে।
অনূর্ধ্ব-১৮ উইমেন’স এশিয়া কাপ হকির টপ-ফোর পুলের শেষটা ভালো হলো না বাংলাদেশের। আশা জাগিয়েও শেষ দিকে গোল হজম করে কাজাখস্তানের বিপক্ষে ড্র করেছে মেয়েরা। তাতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফের তাদেরই মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশকে।
প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশ নিয়ে সেরা চারে ওঠে বাংলাদেশ। চীনের দাঝুতে শুক্রবার টপ-ফোর পুলে নিজেদের শেষ ম্যাচে দারুণ সম্ভাবনা জাগিয়েও ২-২ ড্র করেছে বাংলাদেশ।
পুল পর্বে রানার্সআপ হওয়া বাংলাদেশ ফাইনালে ওঠার টপ-ফোর পুল পর্বে শুরুতে চীনের বিপক্ষে ৯-০ গোলে হারে। আর শুক্রবারের ড্রয়ে ১ পয়েন্ট নিয়ে তৃতীয় হয় মেয়েরা। সমান পয়েন্ট নিয়ে এই পর্বে চতুর্থ হয় কাজাখস্তান।
ফলে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে রোববার বাংলাদেশ ও কাজাখস্তান ফের মুখোমুখি হবে। সেরা হওয়ার লড়াইয়ে লড়বে চীন ও জাপান।
কাজাখস্তানের বিপক্ষে অবশ্য শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। এক গোলে পিছিয়ে প্রথম কোয়ার্টার শেষ করে দল। দ্বিতীয় কোয়ার্টারের শেষ দিকে তাসফিয়া তিশার ফিল্ড গোলে সমতায় ফেরে তারা।
তৃতীয় কোয়ার্টারের শুরুর দিকে সারিকা রিমন পেনাল্টি কর্নার থেকে এগিয়ে নেন বাংলাদেশকে। ব্যবধান ধরে রেখে জয়ের ঘ্রাণ পাচ্ছিল তারা, কিন্তু শেষ মিনিটে ইয়ারকেজান পেনাল্টি স্ট্রোকে সমতায় ফেরে কাজাখস্তান। তাতে জয়ের আশা গুঁড়িয়ে যায় মেয়েদের।
এই টুর্নামেন্টে মেয়েদের অভিষেক হয় জাপানের বিপক্ষে ১১-০ গোলে হেরে। এরপর উজবেকিস্তান ও হংকংলকে একই ব্যবধানে (৩-০) হারিয়ে সেরা চারে জায়গা করে নেয় বাংলাদেশ।
