আরও পয়েন্ট কাটা পড়ল শেফিল্ডের
ফলে চলতি চ্যাম্পিয়নশিপে তলানির দলটির পয়েন্ট চলে গেছে ঋণাত্মক পর্যায়ে!
দুঃসময় যেন আরও আষ্ট্রেপৃষ্টে ঘিরে ধরেছে শেফিল্ড ওয়েন্সডেকে। আইন ভাঙার দায়ে ফুটবল ক্লাবটির আরও ছয় পয়েন্ট কেটে নিয়েছে ইংলিশ ফুটবল লিগ কর্তৃপক্ষ।
ফলে চলতি চ্যাম্পিয়নশিপে তলানির দলটির পয়েন্ট চলে গেছে ঋণাত্মক পর্যায়ে (-১০)! পয়েন্ট টেবিলের নিরাপদ অবস্থান থেকে ২৭ পয়েন্ট পিছিয়ে।
ক্লাবটির পূর্বের মালিক দেইফন সানসিরিকেও বড় শাস্তি দেওয়া হয়েছে। তিন বছর কোনো স্বত্ব কিনতে পারবেন না থাইল্যান্ডের এই ব্যবসায়ী এবং ইএফএলের কোনো ক্লাবের পরিচালকও হতে পারবেন না।
বিবিসি রেডিও শেফিল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, গত মার্চ, মে ও জুন মাসের খেলোয়াড় ও স্টাফদের বেতন দিতে ব্যর্থ হওয়ায় ক্লাবটিকে এই জরিমানা করা হয়েছে।
এর আগে গত অক্টোবরে ক্লাবটিকে ১২ পয়েন্ট জরিমানা করা হয়েছিল।
চলতি মৌসুমে দলটির মাঠের পারফরম্যান্সও যাচ্ছেতাই। ১৮ ম্যাচ খেলে জিততে পেরেছে কেবল একটি, সঙ্গে ড্র পাঁচটি। সব মিলিয়ে ৮ পয়েন্ট পেলেও মোট ১৮ পয়েন্ট কেটে নেওয়ায়, তাদের এখন অবনমন প্রায় নিশ্চিত।
