জাতীয় সাঁতারে ৭ রেকর্ড রাফির
এবারের আসরে ব্যক্তিগত ইভেন্টে বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারুর রেকর্ড হলো ছয়টি, অন্যটি দলীয়।
রেকর্ড ভাঙা-গড়ার খেলা জাতীয় সাঁতারের তৃতীয় দিনেও অব্যহত রাখলেন সামিউল ইসলাম রাফি। বাংলাদেশ নৌবাহিনীর এই সাঁতারু এদিন গড়েলেন আরেকটি রেকর্ড। ব্যক্তিগত ও দলীয় মিলিয়ে এ নিয়ে সাত ইভেন্টে রেকর্ড গড়ে সেরা হলেন তিনি।
মিরপুর সুইমিংপুলে বুধবার প্রতিযোগিতার তৃতীয় দিনে রেকর্ড হয়েছে তিনটি, আসরে সব মিলিয়ে ১৫টি।
১০০ মিটার ব্যাকস্ট্রোকে রাফি ৫৭ দশমিক ৯৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছেন রাফি। এই ইভেন্টে আগের রেকর্ডও তারই ছিল, ২০২৩ সালে সাঁতার শেষ করেছিলেন ৫৮ দশমিক ৪৫ সেকেন্ডে। এবারের আসরে এ নিয়ে ব্যক্তিগত ইভেন্টে রাফির রেকর্ড হলো ছয়টি, একটি দলীয়।
ছেলেদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক বাংলাদেশ সেনাবাহিনীর তন্ময় মালি ২৯ দশমিক ৫৯ সেকেন্ড টাইমিং করে নতুন রেকর্ড গড়েছেন। ২০২২ সালে সুকুমার রাজবংশীর গড়া ২৯ দশমিক ৯০ সেকেন্ড টাইমিংয়ের রেকর্ড ভেঙেছেন তিনি।
মেয়েদের ২০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে ৯ মিনিট ৫০ দশমিক ০১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছে নৌবাহিনী। এ ইভেন্টে সংস্থাটির হয়ে সাঁতরেছেন এ্যানি আক্তার, রুপা খাতুন, যুথী আক্তার ও টুম্পা।
পদক তালিকায় নৌবাহিনী সবার ধরাছোঁয়ার বাইরে চলে গেছে। তৃতীয় দিন শেষে ২৭টি সোনা, ২০টি রুপা ও ১০টি ব্রোঞ্জসহ মোট ৫৭টি পদক নিয়ে শীর্ষে আছে। দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ সেনাবাহিনী ৯টি সোনা, ১৬টি রুপা ও ২৩টি ব্রোঞ্জসহ মোট ৪৮টি পদক পেয়েছে।
