মেসি-সুয়ারেসদের বিপক্ষে লড়াইয়ের আগে দলকে সতর্ক করলেন এনরিকে
মাঠে একটু নির্ভার হলেই লড়াইয়ে পিছিয়ে পড়তে হবে বলে নিজের খেলোয়াড়দের সাবধান করে দিলেন পিএসজি কোচ।
ক্লাব ফুটবলের শীর্ষ সারি থেকে ইন্টার মায়ামির অবস্থান নিশ্চিতভাবেই এখনও অনেক দূরে। কিন্তু দলটিতে লিওনেল মেসির পাশাপাশি লুইস সুয়ারেস, সের্হিও বুসকেতস ও জর্দি আলবার মতো নামগুলো ভাবাচ্ছে পিএসজি কোচ লুইস এনরিকেকে। মুখোমুখি লড়াইয়ের আগে তাই নিজের দলকে সতর্ক করে দিলেন এই স্প্যানিশ কোচ।
নতুন আঙ্গিকে বৃহৎ পরিসরের ক্লাব বিশ্বকাপে ইন্টার মায়ামির সুযোগ পাওয়াটাই কিছুটা চমক জাগানিয়া, কিছুটা বিতর্কিতও বটে। স্বাগতিক একটি ক্লাবকে টিকেট দেওয়ার সিদ্ধান্তে ফিফা এমএলএস কাপ জয়ী এলএ গ্যালাক্সিকে না দিয়ে, জায়গা দেয় ২০২৪ এর সাপোর্টার্স শিল্ড জয়ী ইন্টার মায়ামিকে।
সেসব অবশ্য এখন অতীত। চলতি আসরের গ্রুপ পর্বে পারফরম্যান্স দিয়েই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে মায়ামি। এখন পর্যন্ত অপরাজিত থেকে এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে উঠেছে নকআউট পর্বে। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের সামনে এবার পিএসজি। ক্লাবটি এবারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী এবং মেসির আগের ঠিকানা, যেখানে আর্জেন্টাইন তারকার সময়টা আশানুরূপ ছিল না।
সব মিলিয়ে আপাত দৃষ্টিতে আসছে এই লড়াই দুই অসম শক্তির মাঝে হলেও, এনরিকে খুব সতর্ক। কারণটা অবশ্যই মেসি এবং তার ওই তিন সতীর্থ; যাদেরকে বার্সেলোনায় কোচিং করিয়েছেন এনরিকে।
তাই পিএসজি কোচ খুব ভালো করেই জানেন, মাঠে নেমে কী করতে পারে মায়ামির এই খেলোয়াড়রা। ম্যাচের আগের দিন শনিবার নিজের দলকে সেটাই যেন বারবার মনে করিয়ে দিলেন এনরিকে।
“ফুটবলে যে-ই ১০ সেকেন্ডের জন্য নির্ভার হবে, সে-ই বুঝতে পারবে আসলে সে কোথায় আছে। বিষয়টা এমন নয় যে, নিশ্চিতভাবে (ইন্টার মায়ামির) এখন উচ্চ মান ও গুণ আছে, কারণ তারা কখনও এগুলো হারায়নি। আমি ইন্টার মায়ামির তিনটি ম্যাচই দেখেছি, আগের কিছু ম্যাচও, এবং তাদের সেই মান আছে। আমরা যদি তাদের ওপর (শুরু থেকে) চাপ দিতে না পারি, তাহলে তাদেরকে চাপে রাখা কঠিন হবে।”
“তাদের থেকে যদি আমরা বল কেড়ে নিতে না পারি, তাহলে (আমাদের জন্য) অবস্থা ভালো হবে না, কারণ বুসকেতস এখনও আগের মতোই আছে; লিও মেসি তো বল পায়ে অনন্য। লুইস সুয়ারেস, তার সবশেষ গোলটি আপনারা দেখেছেন, পজেশন রাখায় কী দক্ষতা, জর্দি আলবা গভীরে উঠে আসছে, সে আগের মতোই আছে।”
দলটির ডাগআউটে হাভিয়ের মাসচেরানোর কথাও আলাদা করে বললেন এনরিকে, বার্সেলোনায় সফল অধ্যায়ে তাকেও তো কোচিং করিয়েছেন তিনি।
“তাদের মাসচেরানোর মতো একজন কোচও আছে। একটা বিষয় পরিষ্কার যে, হয় আমরা অসাধারণ পারফরম্যান্স দেখাব এবং মাঠে প্রয়োজনীয় তীব্রতা ধরে রাখব নয়তো তারা ম্যাচ জিতবে। ব্যাপারটা সহজ, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।”
আটলান্টায় মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে পিএসজি ও ইন্টার মায়ামি। বাংলাদেশ সময় রোববার রাত ১০টায় শুরু হবে ম্যাচটি।
