‘বিশ্বসেরা’ দলের প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত আবনের
ব্রাজিলিয়ান এই লেফট-ব্যাক মনে করছেন, ক্যারিয়ারের বিশেষ এক সময়ের মধ্যে আছেন তিনি।
দেশের প্রতিনিধিত্ব করতে পারা যেকোনো খেলোয়াড়ের জন্য সর্বোচ্চ অর্জনগুলোর একটি। আর দলটা যদি হয় রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, তাহলে তো কথাই নেই। স্বপ্নের সেই সীমানায় এখন বিচরণ করছেন আবনের ভিনিসিউস। এতে ব্রাজিলিয়ান এই লেফট-ব্যাকের গর্বের যেন শেষ নেই।
দরিভাল জুনিয়রের কোচিংয়ে ব্রাজিলের জাতীয় দলে জায়গা হয় আবনেরের। গত অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে চিলির বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। ওই মাসে পেরুর বিপক্ষেও খেলেন ২৪ বছর বয়সী এই ফুটবলার। দুই ম্যাচই জেতে ব্রাজিল।
চলতি মাসে ভেনেজুয়েলার বিপক্ষে ১-১ ড্র করা ম্যাচেও খেলেন আবনের। এখন পর্যন্ত ব্রাজিলের জার্সিতে খেলা তিনটি ম্যাচেই শুরুর একাদশে ছিলেন তিনি। রক্ষণভাগে সলিড মার্কিং করার পাশাপাশি আক্রমণেও কার্যকর ভূমিকা রাখার সামর্থ্য দেখিয়েছেন লিওঁর এই ফুটবলার।
বাংলাদেশ সময় আগামী বুধবার চলতি বছরের শেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল। উরুগুয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচের শুরুর একাদশে আবনেরের থাকার সম্ভাবনা প্রবল। ম্যাচটিকে সামনে রেখে সংবাদ সম্মেলনে এসে এই ডিফেন্ডার বললেন, ক্যারিয়ারের বিশেষ এক সময় পার করছেন তিনি।
“আমি খুবই বিশেষ একটি মুহূর্তের মধ্যে আছি, যার জন্য আমি দীর্ঘদিন ধরে অপেক্ষা করছিলাম। বিশ্বের সেরা দলের প্রতিনিধিত্ব করা গর্বের। প্রতিদিনের পরিশ্রমের মাধ্যমে আমি এখানে এসেছি। দল ও আমি ক্রমাগত বিকশিত হচ্ছি, খেলার কৌশল বুঝতেছি এবং প্রতিটি ম্যাচে উন্নতি করছি।”
লাতিন আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ের পয়েন্ট টেবিলে এখন চতুর্থ স্থানে আছে ব্রাজিল। শীর্ষে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, দুই ও তিনে যথাক্রমে উরুগুয়ে ও কলম্বিয়া। এই অঞ্চল থেকে ২০২৬ বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেবে বাছাইয়ের তালিকার প্রথম ছয় দল।
