২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিউনিখে আরেকটি ‘জাদুকরি রাত’ কাটানোর উচ্ছ্বাস পিএসজির

পিএসজি কোচ লুইস এনরিকে বলেছেন, সমর্থকদের এমন কিছুই উপহার দিতে চেয়েছেন তারা।

মিউনিখে আরেকটি ‘জাদুকরি রাত’ কাটানোর উচ্ছ্বাস পিএসজির
ফাইনালে উঠে পিএসজির ফুটবলারদের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2026, 03:44 PM

Updated : 26 Aug 2026, 03:34 PM

যে মাঠে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতেছিল পিএসজি, এবার সেখানেই বায়ার্ন মিউনিখকে রুখে দিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে জায়গা করে নিল তারা। আলিয়াঞ্জ অ্যারেনায় আরেকটি ‘জাদুকরি রাত’ কাটাতে পেরে আনন্দে আত্মহারা ফরাসি ক্লাবটির সবাই।

মিউনিখে বুধবার চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগ ১-১ ড্র হয়। প্রথম লেগে ৫-৪ গোলে জয়ী পিএসজি ৬-৫ গোলের অগ্রগামিতায় ফাইনালে জায়গা করে নেয়।

এই মাঠেই গত আসরের ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল পিএসজি। সেখানে ফিরে এবার ম্যাচ জিততে না পারলেও, শিরোপা ধরে রাখার অভিযানের শেষ ধাপে পৌঁছে গেল তারা। 

আগামী ৩০ মে বুদাপেস্টে শিরোপা নির্ধারণী ম্যাচে আর্সেনালের মুখোমুখি হবে পিএসজি। দলটির মিডফিল্ডার জোয়াও নেভেস বললেন, সাফল্যের চূড়ায় পৌঁছাতে সামনের সব ধরনের বাধা ডিঙিয়ে যেতে প্রস্তুত তারা।

“আমরা জানি, কীভাবে প্রতিকূলতায় টিকে থাকতে হয়। সামনে যা-ই আসুক, আমরা প্রস্তুত। চোট সমস্যা থাকলেও, সব ফুটবলার মাঠে নামতে প্রস্তুত। এভাবেই একটি দুর্দান্ত দল গড়ে ওঠে।”

বায়ার্নের বিপক্ষে এদিন ম্যাচের শুরুতেই এগিয়ে যায় পিএসজি। তৃতীয় মিনিটে খাভিচা কাভারাৎসখেলিয়ার কাট-ব্যাক পেয়ে বাঁ পায়ের শটে বল জালে পাঠান অরক্ষিত ব্যালন দ’র জয়ী উসমান দেম্বেলে।

রক্ষণের দারুণ দৃঢ়তায় ম্যাচে নির্ধারিত সময় পর্যন্ত লিড ধরে রাখে পিএসজি। একটা পর্যায়ে মনে হচ্ছিল, জয় নিয়েই মাঠ ছাড়বে তারা। কিন্তু পাঁচ মিনিট যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা টানেন হ্যারি কেইন।

শেষ পর্যন্ত জিততে না পারলেও, এমন একটি ম্যাচ খেলতে পেরে ভীষণ খুশি পিএসজির তরুণ উইঙ্গার দিজিরে দুয়ে।

“অসাধারণ একটি ম্যাচ হলো। মিউনিখে একটি দুর্দান্ত দলের বিপক্ষে আরেকটি জাদুকরি রাত কাটালাম। তাদের অভিনন্দন জানাতে হবে। ছোটবেলা থেকেই আমরা এই ধরনের ম্যাচে খেলার স্বপ্ন দেখতাম।”

পিএসজির কোচ লুইস এনরিকে বলেছেন, এমন কিছুই দলের সমর্থকদের উপহার দিতে চেয়েছিলেন তারা।

“দুই দিন পর আমার ৫৬তম জন্মদিন উদযাপন করব। আমি খুবই খুশি। প্রতিযোগিতার পরের ধাপে পৌঁছে গেছি আমরা, চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। এই ধরনের উপহারই আমরা সমর্থকদের দিতে চাই।”