১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চমৎকার গোলে আতলেতিকোয় যাত্রা শুরু লি কাং-ইনের

দুর্দান্ত এক ফ্রি কিকে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আলেক্স বায়েনাও।

চমৎকার গোলে আতলেতিকোয় যাত্রা শুরু লি কাং-ইনের
দর্শনীয় গোল করে সতীর্থদের মাঝে লি কাং-ইন (বাঁ থেকে দ্বিতীয়)। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 05:10 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

আতলেতিকো মাদ্রিদের জার্সিতে প্রতিযোগিতামূলক ফুটবলে শুরুটা চমৎকার হলো লি কাং-ইনের। বদলি নেমে দুর্দান্ত এক গোলে দলকে পথ দেখালেন দক্ষিণ কোরিয়ার এই ফুটবলার। পরে আলেক্স বায়েনার অসাধারণ ফ্রি কিকে জয়ের হাসিতে লা লিগা অভিযান শুরু করল তার দল।

ঘরের মাঠে বুধবার মালাগাকে ২-০ ব্যবধানে হারিয়েছে দিয়েগো সিমেওনের দল। 

পিএসজিতে তিন বছরের সফল পথচলা শেষ করে গত জুলাইয়ে পাঁচ বছরের চুক্তিতে আতলেতিকো যোগ দেন কাং-ইন। মালাগার বিপক্ষে ৫৭তম মিনিটে বদলি নামেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। এর ১৩ মিনিটের মাথায় ডান দিক থেকে বল পায়ে একজনকে কাটিয়ে, কিছুটা আড়াআড়ি দৌড়ে আরও দুইজনের বাধা এড়িয়ে ডি-বক্সের মুখ থেকে দারুণ শটে ঠিকানা খুঁজে নেন তিনি।   

আর ৮৫তম মিনিটে নজরকাড়া ফ্রি কিকে ব‍্যবধান দ্বিগুণ করেন বায়েনা। ডি-বক্সের অনেকটা বাইরে থেকে শটে ক্রসবার ঘেঁষে বল জালে জড়ান এই স্প্যানিশ মিডফিল্ডার।

দারুণ এই জয়ের পর, দুই গোলদাতার কাউকে আলাদা করে জয়ের নায়ক বানাতে চাননি আতলেতিকো কোচ সিমেওনে।

“আলেক্স বা কাং-ইনের মধ্যে একজনকে নিয়ে কথা বলা ন্যায্য হবে না। দুজনই চমৎকার খেলেছে। অসাধারণ দুটি গোল করেছে। তাদেরকে আমাদের প্রয়োজন। মালাগাও দারুণ খেলেছে।”