‘২ থেকে ৩ সপ্তাহের জন্য’ মাঠের বাইরে রদ্রি
স্পেন জাতীয় দল থেকে ছিটকে গেছেন তিনি, আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ম্যানচেস্টার সিটির হয়ে এভারটনের বিপক্ষে ম্যাচেও তার খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
চোট যেন পিছু ছাড়ছে না রদ্রির। সবশেষ হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে স্পেন জাতীয় দল থেকে ছিটকে গেছেন তিনি। আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর ক্লাব ম্যানচেস্টার সিটির হয়ে এভারটনের বিপক্ষে ম্যাচেও ব্যালন দ’র জয়ী মিডফিল্ডারের খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা।
প্রিমিয়ার লিগে রোববার ব্রেন্টফোর্ডের মাঠে সিটির ১-০ গোলে জেতা ম্যাচের ২২তম মিনিটে পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছেড়ে যান রদ্রি।
পরদিন স্প্যানিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, বিশ্বকাপ বাছাইয়ে জর্জিয়া ও বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচের স্কোয়াড থেকে ২৯ বছর বয়সী এই ফুটবলারের নাম প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্টের (এসিএল) চোটে গত মৌসুমের প্রায় পুরোটা সময় বাইরে ছিলেন রদ্রি। মৌসুমের শেষ দিকে তিনি মাঠে ফেরেন। কিন্তু জুন-জুলাইয়ের ক্লাব বিশ্বকাপে খেলার সময় আবার নতুন করে চোট পান। ফলে এই মৌসুমে প্রিমিয়ার লিগে সিটির প্রথম ম্যাচে খেলতে পারেননি তিনি।
পরে মাঠে ফিরলেও, হাঁটুর ব্যথায় গত সপ্তাহে বার্নলির বিপক্ষে লিগ ম্যাচে বাইরে থাকতে হয় তাকে। মাঠে ফিরে চ্যাম্পিয়ন্স লিগে মোনাকোর বিপক্ষে খেলেন এক ঘণ্টার মতো।
এখন নতুন চোটে আবার ছিটকে যেতে হলো তাকে। ব্রেন্টফোর্ড ম্যাচের পর সিটি কোচ পেপ গুয়ার্দিওলা বলেন, দুই থেকে তিন সপ্তাহ বাইরে থাকতে হতে পারে এই মিডফিল্ডারকে।
“এটা পেশির চোট, তাই দুই বা তিন সপ্তাহ লাগবে (সেরে উঠতে)। অবশ্যই আমি তাকে আর অল্প সময়ের জন্যও হারাতে চাই না, কিন্তু ঘটনাটা হতাশাজনক, কারণ সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরা তার যত্ন নেওয়ার চেষ্টা করেছি।”
স্কাই স্পোর্টসে রদ্রি বলেন, এই চোট গুরুতর নয় বলেই ধারণা করছেন তিনি।
“আমি হ্যামস্ট্রিংয়ে কিছুটা ব্যথা অনুভব করেছি, তবে মনে হচ্ছে খুব বেশি নয়। কিছুটা টান লেগেছিল, যেমনটা হয়েছিল ইউরোর ফাইনালে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, গুরুতর কিছু নয় এটা।”
আন্তর্জাতিক ফুটবলের বিরতির পর আগামী ১৮ অক্টোবর প্রিমিয়ার লিগে ঘরের মাঠে এভারটনের মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি।
