ইসাকের ফিটনেস নিয়ে দুর্ভাবনায় লিভারপুল কোচ
বিশাল অঙ্কের ট্রান্সফার ফিতে অ্যানফিল্ডে আসার পর থেকেই ফর্মহীনতা ও ফিটনেস সমস্যায় ভুগছেন এই সুইডিশ তারকা।
জার্মানি থেকে বড় জয়ের স্বস্তির সঙ্গে দুঃশ্চিন্তা নিয়েও ফিরছে লিভারপুল। আগে থেকেই ফিটনেস সমস্যায় ভুগছেন আলেকসান্দার ইসাক, সবশেষ ম্যাচে পেয়েছেন নতুন চোট। এতে বেশ চিন্তিত ইংলিশ চ্যাম্পিয়নদের কোচ আর্না স্লট। প্রার্থনা করছেন, যেন খুব বেশি দিনের জন্য ছিটকে না পড়েন সুইডিশ ফরোয়ার্ড।
সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে হারের পর চ্যাম্পিয়ন্স লিগে বুধবার আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৫–১ ব্যবধানের জয় পায় লিভারপুল। এই ম্যাচেই কুঁচকিতে চোট পান ইসাক। আর হ্যামস্ট্রিংয়ে চোট পান ডাচ ডিফেন্ডার ইয়েরেমি ফ্রিমপং। তাতে জয়ের উচ্ছ্বাস একটু হলেও ম্লান হয়ে যায় দলটির।
ইসাকের চোটই বেশি ভাবাচ্ছে স্লটকে। নিউক্যাসল ইউনাইটেড থেকে সাড়ে ১২ কোটি পাউন্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে আসার পর থেকেই ইসাকের ফর্ম ও ফিটনেস নিয়ে সমস্যা চলছে। ফ্রাঙ্কফুর্টের মাঠেও প্রথমার্ধে তেমন কোনো ভূমিকা রাখতে পারেননি। পরে দ্বিতীয়ার্ধে তার জায়গায় ফেদেরিকো চিয়েসাকে বদলি নামান কোচ।
নিউক্যাসলের সঙ্গে সম্পর্কে অবনতি হওয়ায় প্রাক-মৌসুমে তেমন একটা প্রস্তুতি নিতে পারেননি ইসাক। তার বর্তমান ফিটনেস সমস্যার পেছনে এটাও বড় একটা কারণ।
ম্যাচের পর স্লটের কণ্ঠেও ইসাকের নতুন চোট নিয়ে দুর্ভাবনা প্রকাশ পেল।
“আলেক্সকে বিরতির সময় উঠে যেতে হয়েছে, যা কখনোই ভালো কিছু নয়। সে কুঁচকিতে অস্বস্তি বোধ করছিল। আশা করি, এটা গুরুতর কিছু নয়। যদি তাকে এখন কয়েক সপ্তাহের জন্য বাইরে থাকতে হয়, তাহলে ওর অগ্রগতি বাধাগ্রস্ত হবে।”
“ফুটবলে সাধারণত খেলোয়াড়দের সপ্তাহে একটি ম্যাচ খেলানোর জন্য প্রস্তুত করা হয়; কিন্তু লিভারপুলে থাকলে তিন দিনে একটি বা আট দিনে তিন ম্যাচ খেলতে হয়। সেক্ষেত্রে খেলোয়াড়দের তেমনভাবে প্রস্তুত করা হয়; তবে প্রাক-মৌসুমে ঠিকঠাক অনুশীলন না করা খেলোয়াড়দের ক্ষেত্রে কাজটা সহজ নয়। তাই আমরা খুব সাবধানে এগোচ্ছিলাম। সেটাই করার চেষ্টা করছিলাম আমরা। সে প্রাক-মৌসুম মিস করেছে এবং অনেক দিন দলগত অনুশীলন করেনি।”
ফ্রাঙ্কফুর্ট ম্যাচের আগে ইসাক যথেষ্ট ফিট ছিলেন বলেই জানালেন স্লট। বললেন, অন্যথায় কখনোই তাকে খেলাতেন না।
“সে ফিট না থাকলে তাকে আমি খেলাতাম না। সে ১ সেপ্টেম্বর আমাদের সঙ্গে যোগ দেয়। প্রথমে তাকে সপ্তাহে একটা ম্যাচ খেলানোর জন্য প্রস্তুত করতে হয়েছে, আর এখন (সপ্তাহে) দুই ম্যাচের জন্য, জাতীয় দলে সেটা সে করেছেও। জাতীয় দল থেকে ফেরার পর পুরোপুরি ফিট ছিল সে এবং ইউনাইটেড ম্যাচের আগেও তাই ছিল। সেজন্যই প্রত্যাশা করেছিলাম, আজকেও প্রস্তুত থাকবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, আজ আবার কুঁচকিতে সমস্যা অনুভব করেছে।”
“আমার মনে হয়, তার ক্ষেত্রে যা দরকার ছিল, তাই করেছি আমরা। ওর ব্যাপারে সত্যিই সতর্ক ছিলাম আমরা, সুইডিশ জাতীয় দলও। সবশেষ আন্তর্জাতিক বিরতিতে তারা তাকে দুই ম্যাচ খেলিয়েছে, ওইসময় সে প্রস্তুতও ছিল, তাই সুইডেন জাতীয় দলকে মোটেও আমি দোষারোপ করছি না, কারণ আমরাই তাদের জানিয়েছিলাম যে সে দুই ম্যাচ খেলতে প্রস্তুত। কিন্তু প্রাক-মৌসুমে অনুশীলন করতে না পারলে ভারসাম্য নষ্ট হয়। কেউ ঘাটতিটা সামলে নেয়, কেউ আবার দুর্ভাগ্যবশত চোটে পড়ে।”
