২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই গোল খাওয়ার পর তিন গোল দিয়ে মায়ামির জয়

লিওনেল মেসি গোল করতে না পারলেও প্রত্যাবর্তনের গল্প লিখে জয় পেয়েছে তার দল ইন্টার মায়ামি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2024, 09:15 AM

Updated : 01 Sep 2026, 09:04 PM

সেই বিরল ম্যাচগুলির একটি, যেখানে লিওনেল মেসি গোল করতে পারলেন না কিংবা গোলে রাখতে পারলেন না উল্লেখযোগ্য কোনো অবদান। তবে ইন্টার মায়ামিকে সেজন্য ধুঁকতে হলো না খুব একটা। দুই গোলে পিছিয়ে পড়ার পরও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতে ধরে রাখল তারা শীর্ষস্থান।

মেজর লিগ সকারে বাংলাদেশ সময় রোববার সকালে সিএফ মন্ট্রিয়লকে ৩-২ গোলে হারায় মায়ামি।

নিজেদের মাঠে ম্যাচের ২২ ও ৩২তম মিনিটে গোল করে মন্ট্রিয়ল। মনে হচ্ছিল, মৌসুমে তারা দ্বিতীয়বার হারিয়ে যেতে মায়ামিকে।

তবে প্রথমার্ধেই সেই ব্যবধান ঘুচিয়ে দেয় মায়ামি। ৪৪তম মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে দুর্দান্ত ফ্রি কিকে গোল করে দলকে লড়াইয়ে ফেরান মাতিয়াস রোহাস।

প্রথমার্ধের যোগ করা সময়েই সমতায় ফেরে মায়ামি। কর্নার থেকে মন্ট্রিয়লের একজনের মাথা ছুঁয়ে বল আসে বক্সের ভেতর একদম গোলমুখে। খুব কাছ থেকে পা ছুঁইয়ে বল জালে পাঠান লুইস সুয়ারেস। চলতি লিগে এই ফরোয়ার্ডের একাদশ গোল এটি।

৫৯তম মিনিটে এগিয়ে যায় মায়ামি। মেসির কাছ থেকে বল পেয়ে মাঝমাঠের সীমানারেখার একটু সামনে থেকে দারুণ এক ক্রস করেন রোহাস। ছুটে এসে প্রথম দুই টাচে বলের নিয়ন্ত্রণ ভালোভাবে নিতে পারেননি বেনহামিন ক্রেমাস্কি। তবু বল ঢুকে যায় বক্সে। যুক্তরাষ্ট্রের ১৯ বছর বয়সী মিডফিল্ডার আসল কাজটি করতে পারেন ঠিকঠাক। সঙ্গে লেগে থাকা ডিফেন্ডারকে ছিটকে আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে আলতো করে বল জালে পাঠাতে পারেন তিনি।

সেই গোলই শেষ পর্যন্ত ব্যবধান গড়ে দেয় ম্যাচে।

১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকালের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার শীর্ষে মায়ামি। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি। ১২ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে মন্ট্রিয়ল।