লিগে মোহামেডানের জয়ে শুরু, হোঁচট আবাহনীর
দ্বিতীয়ার্ধের শেষ দিকের গোলে স্বস্তির জয় পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
দুই ঐতিহ্যবাহী দল আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাব ছিল হোঁচট খাওয়ার পথে। শেষ মুহূর্তের গোলে কষ্টের জয়ে প্রিমিয়ার লিগ শুরুর স্বস্তি সঙ্গী হলো মোহামেডানের। গত লিগে দ্বিতীয় হওয়া আবাহনী লিমিটেড পারল না শুরুটা জয়ে রাঙাতে। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে আন্দ্রেয়াস ক্রুসিয়ানির দল।
২০২৩-২৪ মৌসুমের প্রিমিয়ার লিগ শুরু হয়েছে শুক্রবার। রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ফর্টিস এফসিকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা করেছে গত লিগে চতুর্থ হওয়া মোহামেডান।
গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শুক্রবার রহমতগঞ্জের বিপক্ষে ১-১ ড্র করেছে ২০১৭-১৮ মৌসুমে সবশেষ লিগ জেতা আবাহনী।
দিনের অন্য ম্যাচে ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি।
রাজশাহীতে শুরু থেকে সাবধানী ফুটবল খেলতে থাকা মোহামেডান এগিয়ে যায় ত্রয়োদশ মিনিটে। মোজাফ্ফর মোজাফ্ফরভের ফ্রি কিকে অনেকটা লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন শাহরিয়ার ইমন।
৪৩তম মিনিটে নিজেদের ভুলে গোল হজম করে বসে মোহামেডান। মোজাফ্ফরভের ব্যাক পাস সতীর্থের কাছে পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে নিয়ে আরমান ফয়সাল আকাশ দ্রুত থ্রু পাস বাড়ান বক্সে। গোলরক্ষককে একা পেয়ে অনায়াসে বাকি কাজটুকু সারেন গাম্বিয়ার ফরোয়ার্ড ওমর সার।
দ্বিতীয়ার্ধের শেষ দিকে মেহেদী হাসানের লম্বা থ্রো ইনে হেডে লক্ষ্যভেদ করেন নাইজেরিয়ান ফরোয়ার্ড এমানুয়েল টনি। এই গোলটি আগলে রেখে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলফাজ আহমেদের দল।
গোপালগঞ্জে এগিয়ে যাওয়া গোলের দেখা আবাহনী পায় ২১তম মিনিটে। সতীর্থের থ্রু পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নেন জোনাথন ফের্নান্দেস রেইস। এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের প্রথম শট রহমতগঞ্জ গোলরক্ষক মোহাম্মদ নাঈম প্রথম দফায় ফেরালেও আটকাতে পারেননি ফিরতি শট।
৬৭তম মিনিটে সমতার স্বস্তি ফেরে রহমতগঞ্জের তাঁবুতে। ফ্রি কিকের পর বক্সের ভেতর থেকে লক্ষ্যভেদ করেন ঘানার ফরোয়ার্ড আর্নেস্ট বোয়াটেং। ম্যাচের বাকিটা সময় আবাহনীকে আটকে রেখে ড্রয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ে পুরান ঢাকার দলটি।
