২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যেকোনো কিছু ঘটতে পারে’, সিটি ছাড়া প্রসঙ্গে গুয়ার্দিওলা

ইংল্যান্ড জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, এমন গুঞ্জন উড়িয়ে দিলেও দরজা ঠিকই খোলা রেখেছেন স্প্যানিশ এই অভিজ্ঞ কোচ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 05:04 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

ম্যানচেস্টার সিটিতে চুক্তির শেষ মৌসুম কাটাচ্ছেন পেপ গুয়ার্দিওলা। তারপরও ইংলিশ ক্লাবটিতে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন বারবার এড়িয়ে যাচ্ছেন তিনি। আগের মতো আবারও বলেছেন, এখনও কোনো সিদ্ধান্ত পাকা করেননি তিনি। 

২০১৬ সালে সিটিতে যোগ দেন বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের সাবেক কোচ গুয়ার্দিওলা। তার কোচিংয়ে গত সাত মৌসুমে ছয়বার প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলে সিটি; এর মধ্যে সবশেষ চার মৌসুমেই হয় চ্যাম্পিয়ন। ২০২২-২৩ মৌসুমে পায় তারা অধরা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের স্বাদ।

চুক্তি অনুযায়ী, আগামী বছরের জুন পর্যন্ত সিটিতে আছেন গুয়ার্দিওলা। চুক্তি বাড়ানো নিয়ে প্রশ্ন উঠলে বারবারই অজানা ভবিষ্যতের হাতে ছেড়ে দেন ৫৩ বছর বয়সী এই কোচ।

গত শনিবার সিটি নিশ্চিত করেছে, আগামী গ্রীষ্মে দায়িত্ব ছাড়বেন গুয়ার্দিওলার ঘনিষ্ঠ বন্ধু ও ক্লাবের ফুটবল পরিচালক চিকি বেগিরিস্তাইন। এতে গুয়ার্দিওলার ভবিষ্যৎ নিয়ে অনিয়শ্চতা বেড়েছে আরেকটু। গুঞ্জন রয়েছে, আগামী বছরের ফিফা ক্লাব বিশ্বকাপ শেষে সিটি ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তিনি। অভিজ্ঞ এই কোচ অবশ্য অস্বীকার করেছেন তা।

ইতালিয়ান টিভি শো কে তেম্পো কে ফা-এ সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা সত্যি নয়। আমার তো ভাবতে হবে।”

নতুন আরেকটি খবরও চউর হয়েছে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে তিনি ইংল্যান্ড জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে পারেন বলে গুঞ্জন শুরু হয়েছে। অতীতে গুয়ার্দিওলা নিজেও আন্তর্জাতিক টুর্নামেন্টে কোনো জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার আগ্রহের কথা বলেছিলেন।

গ্যারেথ সাউথগেট চাকরি ছাড়ার পর থেকে স্থায়ী একজন কোচের খোঁজে আছে ইংল্যান্ডও। তাই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন অনেকে। শোনা যাচ্ছে, তিনি নাকি ইতোমধ্যে সিটি ছেড়ে ইংল্যান্ডের কোচ হওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন, গুয়ার্দিওলা অবশ্য তা উড়িয়ে দিলেন।

“খবরটি সত্য নয়। আপনাদের এই প্রতিশ্রুতি দিতে পারি যে, আমি সিটিতে থাকব নাকি চলে যাব সে বিষয়ে সিদ্ধান্ত নিলে আপনাদের বলতাম। আমি নিজেও জানি না। কিন্তু জীবনে যেকোনো কিছুই হতে পারে।”