মৌসুমে ১ ঘণ্টা খেলেই বিশ্বকাপ দলে লুকাকু!
এখনও মাঠের বাইরেই আছেন নাপোলি স্ট্রাইকার, তবুও দেশের সর্বোচ্চ গোলদাতাকে নিয়ে বাজি ধরার সিদ্ধান্ত নিয়েছেন বেলজিয়াম কোচ।
মৌসুমের প্রায় পুরোটা সময় কাটিয়েছেন মাঠের বাইরে। বছরের শুরুতে ফিরে নাপোলির হয়ে কয়েকটা ম্যাচ মিলিয়ে ঘণ্টাখানেক খেলার পর, চোট পেয়ে আবার ছিটকে যান রোমেলু লুকাকু। তবুও বিশ্বকাপের জন্য অভিজ্ঞ এই স্ট্রাইকারের ওপর ভরসা রেখেছেন বেলজিয়ামের প্রধান কোচ রুদি গার্সিয়া।
আসছে উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য শুক্রবার ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে বেলজিয়াম। স্কোয়াডে সবচেয়ে বড় চমক লুকাকুর জায়গা পাওয়া।
গত বুধবার ৩৩তম জন্মদিন পালন করা লুকাকু চলতি মৌসুমে একবারও নাপোলির জার্সিতে শুরুর একাদশে মাঠে নামতে পারেননি। প্রথমে হ্যামস্ট্রিংয়ে চোট ও পরে দীর্ঘ সময় নিয়ে ফিটনেস সমস্যা কাটিয়ে মাঠে ফিরলেও, কেবল সাতটি ম্যাচে বদলি হিসেবে মোট ৬৪ মিনিট খেলতে পারেন তিনি। এরপর, আবার চোট পেয়ে চলে যান মাঠের বাইরে।
পুনর্বাসন প্রক্রিয়ায় গত দুই মাস ধরে বেলজিয়ামে আছেন লুকাকু। তারপরও, জাতীয় দলের হয়ে ১২৪ ম্যাচে রেকর্ড ৮৯টি গোল করা তারকা স্ট্রাইকারের ওপরই বাজি ধরার সিদ্ধান্ত নিয়েছেন কোচ।
দেশের হয়ে লুকাকু সবশেষ খেলেছেন গত জুনে, বিশ্বকাপ বাছাইয়ে ওয়েলসের বিপক্ষে ৪-৩ গোলে জয়ের ম্যাচে।
লুকাকুর বিকল্প হিসেবেই যেন সম্ভাবনাময় ফরোয়ার্ড মাতিয়াস ফের্নান্দেস-পার্দোকে দলে রেখেছেন কোচ। এই সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক ফুটবলে বেলজিয়ামের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ২১ বছর বয়সী এই ফুটবলার।
ব্রাসেলসে ইতালিয়ান ও স্প্যানিশ বাবা-মায়ের ঘরে জন্ম ফের্নান্দেস-পার্দোর। জুনিয়র ফুটবলে বেলজিয়ামে খেলার পর, ২০২৪ সালে স্পেনকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নেন তিনি; তবে পরে দেশটির অনূর্ধ্ব-২০ দলে ডাক পেলেও সাড়া দেননি তখন। ফরাসি ক্লাব লিলের হয়ে মৌসুমটা বেশ ভালো কেটেছে তার।
সম্প্রতি চোট কাটিয়ে রেয়াল মাদ্রিদের শুরুর একাদশে ফেরা গোলরক্ষক থিবো কোর্তোয়াও ফিরেছেন জাতীয় দলে। তিনি এবং তার তিন সতীর্থ লুকাকু, কেভিন ডে ব্রুইনে ও আক্সের উইটসেল টানা চতুর্থ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।
৪৮ দলের বিশ্বকাপে ‘জি’ গ্রুপে বেলজিয়ামের সঙ্গে আছে মিশর, ইরান ও নিউ জিল্যান্ড।
বেলজিয়ামের বিশ্বকাপ দল
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, সেন লামেন্স, মাইক পেন্ডার্স/পেন্ডাস
ডিফেন্ডার: টিমোটি কাস্তানিয়া, সিনো দুবাস্ত, মাক্সিম ডে কাইপার, কনি ডে ভিন্টার, ব্র্যান্ডন মেখেলা, তমা মুনিয়ে, নাতা নগোয়, ওয়াকিন সাইস, আহথু থিয়াচ।
মিডফিল্ডার: কেভিন ডে ব্রুইনে, আমাদু ওনানা, নিকোলা রাসকাঁ, ইউরি টিলেমান্স, হান্স ফানাকেন, আক্সেল ভিটসেল,
ফরোয়ার্ড: শার্লে ডে কেটলারে, জেরেমি ডোকু, মাতিয়াস ফের্নান্দেস-পার্দো, রোমেলু লুকাকু, ডোডি লুকেবাকিয়ো, ডিয়েগো মোরেইরা, আলেক্সিস সালমাইকের্স লেয়ান্ড্রো ট্রসাড।
