২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচে আলিসনকে পাচ্ছে না ব্রাজিল

লিভারপুলের একাধিক ম্যাচেও বাইরে থাকতে হতে পারে অভিজ্ঞ এই গোলকিপারকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2024, 12:12 PM

Updated : 10 Sep 2026, 12:19 PM

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ থেকে ছিটকে পড়া নিশ্চিত। লিভারপুলের একাধিক ম্যাচও বাইরে থাকতে হতে পারে আলিসন বেকারকে। লিভারপুলের কোচ আর্না স্লটের শঙ্কা, অন্তত বেশ কয়েক সপ্তাহ পাওয়া যাবে না অভিজ্ঞ এই গোলকিপারকে।

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচে ৭৯তম মিনিটে হ্যামস্ট্রিংয়ে টান লাগে আলিসনের। মাঠ ছেড়ে যেতে বাধ্য হন ৩২ বছর বয়সী গোলকিপার।

১-০ গোলের জয়ে লিগের শীর্ষস্থান ধরে রাখে লিভারপুল। কিন্তু তাদের জন্য দুর্ভাবনা হয়ে এসেছে আলিসনের চোট।

সামনেই আন্তর্জাতিক ম্যাচের বিরতি। চোট গুরুতর না হলে হয়তো লিভারপুলের জন্য দুশ্চিন্তার কারণ ছিল না। কিন্তু ম্যাচ শেষে কোচ স্লট জানালেন, দ্রুতই ফেরার সম্ভাবনা নেই আলিসনের।

“সে যেভাবে মাঠ ছেড়ে গেছে, এভাবে বেরিয়ে যাওয়ার মানে হলো, স্বাভাবিকভাবেই ব্রাজিলের হয়ে সে খেলতে পারবে না এবং এরপর প্রথম ম্যাচেও (আন্তর্জাতিক বিরতির পর) তাকে আমরা পাওয়ার আশা করছি না। আমার ধারণা, বেশ কয়েক সপ্তাহ সময় লাগবে তার (মাঠে ফিরতে)।”

“সে আমাদের এক নম্বর গোলকিপার, বিশ্বের সেরা গোলকিপার। সে চোট পেলে তাই তার জন্য ও দলের জন্য বড় ধাক্কা।”

বিশ্বকাপ বাছাইয়ে আগামী বৃহস্পতিবার চিলির বিপক্ষে লড়বে ব্রাজিল, এর পাঁচ দিন পর খেলা পেরুর সঙ্গে। এই দুই ম্যাচের জন্য তার বিকল্প কাউকে দিতে হবে ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়রকে।

লিভারপুলের দুর্ভাবনা শেষ নয় আলিসনক দিয়েই। ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রথমার্ধের পর আর মাঠে নামানো হয়নি আলেক্সিস মাক আলিস্তেরকে। সতর্কতা হিসেবেই তাকে আর খেলানো হয়নি বলে জানালেন স্লট। তবে চোটের প্রকৃত অবস্থা কেমন বা আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে এই মিডফিল্ডার খেলতে পারবেন কি না, তা জানাতে পারেননি লিভারপুল কোচ। 

“চোটের কারণে সে (মাক আলিস্তের) বেরিয়ে গেছে। তবে কতটা গুরুতর চোট, এই মুহূর্তে বলা কঠিন। সে চাইলে খেলা চালিয়ে যেতে পারত। কারণ আপনারা দেখেছেন, মাঝবিরতির আগে সেরকম কিছু বোঝা যায়নি। তবে সে বলেছে যে, খেলা চালিয়ে যাওয়া উচিত হবে না, কারণ চোট আরও খারাপ হয়ে যেতে পারে।”

“এখন তার সত্যিকারের অবস্থা কেমন, আর্জেন্টিনায় যেতে পারবে কি না, খেলবে পারবে কি না, তা আপাতত আমার জন্য বলা কঠিন।”

চোটের অস্বস্তিগুলোর মধ্যে দলের জয়ই স্বস্তির স্লটের জন্য। এই জয়ে ইতিহাসেও নাম লেখা হয়ে গেছে তার। তার কোচিংয়ে প্রথম ১০ ম্যাচের ৯টিই জিতল লিভারপুল। ক্লাবের সুদীর্ঘ গৌরবময় ইতিহাস এতটা ঝলমলে শুরু হয়নি আর কোনো কোচের।

স্লট তাতে উচ্ছ্বসিত। তবে এটিও মনে করিয়ে দিলেন তিনি যে, পথচলার মাত্রই শুরু।

“লিভারপুলে এত এত গ্রেট ম্যানেজার ছিল, সেটা ভাবলে এই অর্জন অবশ্যই স্পেশাল। তবে স্রেফ এটুকুই স্মরণীয় হয়ে থাকার জন্য যথেষ্ট নয়। আরও স্পেশাল কিছুর আশা করছি আমরা। ভালো ফলের ধারা ধরে রাখার জন্য খুব ভালো একটি স্কোয়াড ও কোচিং স্টাফ আমি উত্তরাধিকার সূত্রেই পেয়ে গেছি, সেদিক থেকে আমি সৌভাগ্যবান।”

সাত ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল, ১৭ পয়েন্ট ম্যানচেস্টার সিটি ও আর্সেনালের।