অভিজ্ঞদের নিয়ে বিশ্বকাপের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র
দলটির অর্ধেক সদস্যের আছে কাতার বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা।
দেশের মাটিতে বিশ্বকাপে দারুণ কিছু করে দেখানোর স্বপ্নে চূড়ান্ত পর্বের প্রস্তুতি শুরু করেছে যুক্তরাষ্ট্র। সম্ভাবনাময় ও অভিজ্ঞ খেলোয়াড়দের নিয়ে দল গঠন করেছে তারা।
দলটির প্রধান কোচ মাওরিসিও পচেত্তিনোর বুধবার ঘোষণা করা ২৬ জনের দলে সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ান পুলিসিক। বর্তমানে এসি মিলানে খেলা এই ফরোয়ার্ডের বিশ্বকাপে অভিষেক হয় গত আসরে, যেখানে একটি গোল ও দুটি অ্যাসিস্ট করেন পুলিসিক।
দলটির আরেক বড় নাম ওয়েস্টন ম্যাককেনি। ইউভেন্তুসের এই ফুটবলার মূলত মিডফিল্ডার হলেও, একাধিক পজিশনে খেলার সামর্থ্য আছে তার।
পুলিসিক ও ম্যাককেনিসহ, পচেত্তিনোর এই দলের ১৩ জনের আছে বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা।
দলে ডাক পাওয়াদের মধ্যে কিছুটা চমক জাগানো নাম জিও রেইনা। ২৩ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার বরুশিয়া মনশেনগ্লাডবাখের হয়ে এই মৌসুমে খুব বেশি খেলার সুযোগ পাননি; তবে যতটুকু খেলেছেন তাতেই পচেত্তিনোর আস্থা অর্জন করতে পেরেছেন তিনি।
৪৮ দলের এবারের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।
মেক্সিকোয় আগামী ১১ জুন হবে আসরের উদ্বোধনী ম্যাচ।
পরদিন প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে যুক্তরাষ্ট্রের। ‘ডি’ গ্রুপের অন্য দুই দল অস্ট্রেলিয়া ও তুরস্ক।
