২০২৬ ফুটবল বিশ্বকাপ
Published : 08 May 2026, 10:47 PM
আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনাকে ফেভারিট মনে করছেন না লিওনেল মেসি। নিজেদের চেয়ে বরং অন্য কয়েকটি দলকে এগিয়ে রাখছেন রেকর্ড আটবারের ব্যালন দ’র জয়ী তারকা।
দীর্ঘ তিন যুগের অপেক্ষা শেষে মেসির কাঁধে ভর করেই ২০২২ সালে কাতার বিশ্বকাপে তৃতীয়বারের মতো বিশ্ব সেরা ট্রফি জয় করে আর্জেন্টিনা। মেসি নিজে জেতেন টুর্নামেন্ট সেরার পুরস্কার।
আর্জেন্টিনার শিরোপা ধরে রাখার অভিযান শুরুর বাকি আর এক মাসের একটু বেশি সময়। উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় বিশ্বকাপে মেসি খেলবেন কি না, তা নিয়ে প্রশ্ন আর কৌতূহল চলছে অনেক দিন ধরেই। এ ব্যাপারে এখনও নিশ্চিত করে কিছু বলেননি ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ড।
স্থানীয় এক পডকাস্ট-এ আলাপে মেসি বললেন, এবারের বিশ্বকাপে তারা ফেভারিট নয়।
“(আর্জেন্টিনা) ভালো অবস্থায় আছে। যদিও অনেক খেলোয়াড়ের বর্তমানে চোট ও ম্যাচ ফিটনেসের অভাব রয়েছে, সত্যিটা হলো দলটা ঐক্যবদ্ধ। এটা প্রমাণিত যে, এই দল প্রতিদ্বন্দ্বিতা করে, সবসময় জিততে চায় এবং নিজেদের লক্ষ্য অর্জনের জন্য সর্বস্ব দিয়ে চেষ্টা করে। আমাদের রোমাঞ্চিত হতে হবে, যেমনটা আর্জেন্টাইনরা সবসময় হয়ে থাকে, যখনই কোনো প্রতিযোগিতা আসে, সেটা কোপা আমেরিকা হোক বা বিশ্বকাপ।”
“কিন্তু আমাদের এটাও মেনে নিতে হবে যে, আমাদের চেয়ে এগিয়ে থাকা আরও দল আছে, যারা দল হিসেবে আরও ভালো ফর্মে আছে।”
কাতার বিশ্বকাপের মতো ফেভারিট আর্জেন্টিনা এবার নয়। তবে টানা দ্বিতীয় শিরোপা জয়ের জন্য দলটি নিজেদের সবটা উজাড় করে দেবে বলেই বিশ্বাস মেসির।
“এই আর্জেন্টিনা দল সবসময় প্রতিদ্বন্দ্বিতা করবে এবং নিজেদের সেরাটা দেবে, ঠিক যেমনটা তারা করে আসছে দলটি একত্রিত হওয়ার পর থেকে।”
গত বিশ্বকাপে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে উল্লাসে মেতেছিল আর্জেন্টিনা। ফ্রান্সসহ আরও কয়েকটি দলের এবার ভালো সম্ভাবনা দেখছেন মেসি।
“এই মুহূর্তে আবারও ফ্রান্সকে খুব ভালো দেখাচ্ছে। তাদের দলে উঁচু মানের অনেক খেলোয়াড় আছে। আমার মনে হয় স্পেন, ব্রাজিলও এগিয়ে- যদিও তাদেরকে (ব্রাজিল) সম্প্রতি সেরা ফর্মে দেখা যায়নি, তবে সবসময়ই তারা শিরোপার দাবিদার এবং সব প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করার মতো খেলোয়াড় তাদের আছে।”
“জার্মানি, ইংল্যান্ড, বড় শক্তিগুলো... পর্তুগালেরও খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও ভালো দল আছে। তারপর কিছু চমক তো সবসময় থাকেই।”