২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টটেনহ্যামের বিপক্ষে ঘরের মাঠে আবার হারল ম্যানচেস্টার সিটি

ঠিক ৯ মাসের ব্যবধানে ঘরের মাঠে টটেনহ্যামের বিপক্ষে হারের তেতো স্বাদ পেল পেপ গুয়ার্দিওলার দল।

টটেনহ্যামের বিপক্ষে ঘরের মাঠে আবার হারল ম্যানচেস্টার সিটি
দ্বিতীয় গোলের পর পালিনিয়াকে (বাঁ থেকে দ্বিতীয়) ঘিরে টটেনহ্যামের উল্লাস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2025, 07:40 PM

Updated : 26 Aug 2026, 01:38 PM

আচমকা গোল হজমের মিনিট দশেক পর গোলরক্ষকের মারাত্মক এক ভুলে আরও পিছিয়ে পড়ল ম্যানচেস্টার সিটি। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারল না তারা। পেপ গুয়ার্দিওলার দলকে আরও একবার তাদেরই মাঠে হারিয়ে দিল টটেনহ্যাম হটস্পার। 

ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে সফরকারীরা। ব্রেনান জনসন দলকে এগিয়ে নেওয়ার পর প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করেন জোয়াও পালিনিয়া।

গত বছরের ২৩ নভেম্বর ঘরের মাঠেই টটেনহ্যামের বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল ম্যানচেস্টার সিটি।

দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে টটেনহ্যাম। দুই ম্যাচেই জয়ী দলটির পয়েন্ট ৬। 

এদিন ম্যাচের শুরুটা প্রত্যাশিত হয়নি ম্যানচেস্টার সিটির। ২৩তম মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন গত জুনে উলভস থেকে দলটিতে যোগ দেওয়া ডিফেন্ডার রায়ান আইত-নুরি। বদলি নামেন নাথান আকে।

প্রথম আধা ঘণ্টায় সিটির ওমার মার্মাউশ ছিলেন দারুণ উজ্জ্বল। এসময়ে গোলের জন্য যে চারটি শট নেয় দলটি, এর তিনটিই নেন মিশরের এই ফরোয়ার্ড। সেরা সুযোগটি তিনি পান ২৮তম মিনিটে, আর্লিং হলান্ডের থ্রু পাস ধরে ওয়ান-অন-ওয়ানে তার নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক ভিকারিও।

ওই সময়ের মধ্যে মাত্র একটি শট নিতে পারে টটেনহ্যাম, সেটাও ছিল লক্ষ্যভ্রষ্ট। তারাই প্রথমার্ধের শেষ ১০ মিনিটে দুবার জালে বল পাঠিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয়।

৩৫তম মিনিটে রিশার্লিসনের পাস ধরে ব্রেনান জনসন জালে বল পাঠানোর সঙ্গে সঙ্গে অফসাইডের বাঁশি বাজান রেফারি। তবে ভিএআরের সাহায্য নিয়ে সিদ্ধান্ত পাল্টান তিনি, উল্লাসে মাতে সফরকারীরা। 

গত সপ্তাহে বার্নলির বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের ম্যাচেও একটি গোল করেছিলেন ওয়েলস ফরোয়ার্ড জনসন।

বিরতির আগে সিটির দ্বিতীয় গোল হজমের পুরো দায় গোলরক্ষক জেমস ট্র্যাফোর্ডের। ডি-বক্সে প্রতিপক্ষের একাধিক খেলোয়াড় থাকার পরও জোরাল শটে ক্লিয়ার করার চেষ্টা করেননি তিনি, বরং সামনেই সতীর্থকে আলতো পাস দিতে গিয়ে গড়বড় করে ফেলেন। এরপর, রিশার্লিসনের পা হয়ে বল পেয়ে জোরাল শট নেন পালিনিয়া, আরেকজনের গায়ে লেগে বল ঠিকানা খুঁজে পায়।

বার্নলির জালে দুবার বল পাঠানো এবং এদিনও আলো ছড়ানো রিশার্লিসন ৭২তম মিনিটে প্রতিপক্ষের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে হলুদ কার্ড দেখেন। একই ঘটনায় হলুদ কার্ড দেখেন সিটির মিডফিল্ডার নিকো গনসালেসও।

এর কিছুক্ষণ পরই রিশার্লিসনকে তুলে নেন টটেনহ্যাম কোচ, সঙ্গে প্রথম গোলদাতা জনসনকেও।

মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণের ধার বাড়াতে ৭৫তম মিনিটে জোড়া পরিবর্তন আনেন গুয়ার্দিওলাও; অস্কার ববের জায়গায় ফিল ফোডেন এবং নিকো গনসালেসকে তুলে ব্যালন দ’র জয়ী মিডফিল্ডার রদ্রিকে নামান কোচ।

কিন্তু তারা কেউই দলকে পথে ফেরাতে পারেনি। মৌসুমে দ্বিতীয় ম্যাচেই হারের তেতো স্বাদ নিয়ে মাঠ ছাড়তে হলো ম্যানচেস্টার সিটিকে।

দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে আপাতত চার নম্বরে আছে সিটি, তবে এই রাউন্ড শেষে অনেকটা নিচে নেমে যেতে পারে তারা।