২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাঁটুর অস্ত্রোপচারের সময় তরুণ আর্জেন্টাইন ফুটবলারের মৃত্যু

ক্রীড়াবিদদের জন্য সাধারণ এই অস্ত্রোপচারে ১৮ বছর বয়সী মিডফিল্ডারের এমন মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আর্জেন্টিনার ফুটবলে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2025, 12:11 PM

Updated : 26 Aug 2026, 01:16 PM

একজন ফুটবলার কিংবা যে কোনো ক্রীড়াবিদের জন্য হাঁটুর অস্ত্রোপচার খুব সাধারণ ঘটনা। বিশ্বজুড়ে প্রতিদিন কত অ্যাথলেটের হাঁটুতেই তো শল্যবিদের ছুরি-কাঁচির ছোঁয়া লাগছে। অথচ এই অস্ত্রোপচারই কেড়ে নিল সম্ভাবনাময় এক ফুটবলারের জীবন!

ভীষণ দুঃখজনক ঘটনটি আর্জেন্টিনার। দ্বিতীয় বিভাগের ক্লাব সান তেলমো নিশ্চিত করেছে, হাঁটুর অস্ত্রোপচারের সময় মারা গেছেন মিডফিল্ডার কামিলো নুইন। একদিনের জন্য ক্লাবের নিয়মিত কার্যক্রম বন্ধ রাখা হয়েছে ও শোক প্রকাশের নানা উদ্যোগ নেওয়া হয়েছে। 

১৮ বছর বয়সী ফুটবলারের মেনিস্কাল ও ক্রুসিয়েট লিগামেন্ট চোটের চিকিৎসায় এই অস্ত্রোপচার করা হচ্ছিল। এই প্রক্রিয়ায় নুইন কীভাবে মারা গেলেন, তা নিয়ে এখনও কিছুই জানায়নি ক্লাবটি কিংবা স্থানীয় কর্তৃপক্ষ। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের খবর, তদন্ত শেষে তার মৃত্যুর কারণ নিয়ে বিস্তারিত জানানো হবে।

আর্জেন্টাইন পরাশক্তি বোকা জুনিয়র্স ও ইন্দিপেন্দিয়েন্তের একাডেমিতে বেড়ে ওঠা এই মিডফিল্ডার ২০২২ সালে নাম লেখান সান তেলমোতে। 

নুইনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন থেকে শুরু করে বিভিন্ন ক্লাব ও ফুটবল সংস্থাগুলি।