‘গুয়ার্দিওলা ও আমি হতে পারি নাদাল ও ফেদেরারের মতো’
পেপ গুয়ার্দিওলার সঙ্গে ভালো সম্পর্ক ধরে রাখতে ব্যর্থ হলে সেটা খেলাধুলার জন্য ‘বাজে দৃষ্টান্ত’ স্থাপন করবে বলে মনে করেন মিকেল আর্তেতা।
পেপ গুয়ার্দিওলা ও মিকেল আর্তেতার দারুণ সম্পর্কের কথা ফুটবল অনুরাগীদের অজানা নয়। আর্সেনাল কোচ আর্তেতার মতে, ম্যানচেস্টার সিটি কোচ গুয়ার্দিওলার সঙ্গে ভালো সম্পর্ক তিনি ধরে রাখতে ব্যর্থ হলে সেটা খেলাধুলার জন্য ‘বাজে দৃষ্টান্ত’ স্থাপন করবে। তারা দুজন বরং টেনিস কিংবদন্তি রাফায়েল নাদাল ও রজার ফেদেরারের মতো সম্মানজনক প্রতিদ্বন্দ্বিতার দিকে এগিয়ে যেতে পারেন।
গুয়ার্দিওলার সঙ্গে আর্তেতার প্রথম সাক্ষাৎ হয়েছিল বার্সেলোনার একাডেমিতে, তখন আর্তেতার বয়স ছিল কেবল ১৫ বছর। পরে একসময় দুজন একসঙ্গেই ছিলেন সিটির ডাগআউটে। গুয়ার্দিওলার সহকারী হিসেবে বছর তিনেক কাজ করেন আর্তেতা। ২০১৯ সালে আর্সেনালের দায়িত্ব নিয়ে শুরু হয় প্রধান কোচ হিসেবে তার পথচলা।
এখন তারা দুজন প্রবল প্রতিদ্বন্দ্বী। তবে সেটা কেবল দায়িত্বের খাতিরে। পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসা অটুট এখনও।
গুয়ার্দিওলা গত সপ্তাহে আর্সেনালকে ‘বিশ্বের সেরা দল’ হিসেবে আখ্যা দিয়েছেন, যারা গত তিন মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছে এবং ২০০৪ সালের পর থেকে লিগ শিরোপা জিততে পারেনি। অন্যদিকে, গত আট মৌসুমের মধ্যে ছয়বারই প্রিমিয়ার লিগ জিতেছে গুয়ার্দিওলার সিটি।
এই মৌসুমে ২৩ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষে আছে আর্সেনাল। ৪ পয়েন্ট কম নিয়ে দুইয়ে সিটি।
লিগের গত তিন রাউন্ডে জয়হীন আর্সেনাল শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে খেলবে। শুক্রবার সংবাদ সম্মেলনে আর্তেতাকে জিজ্ঞেস করা হয়, গুয়ার্দিওলা ‘মাইন্ড গেম’ খেলছেন কি-না। তখন আর্সেনাল কোচ বলেন, “আমার সাথে? আমার মনে হয় না।”
“আমার স্ত্রীর সঙ্গে যেভাবে কথা বলি, সেভাবে আমরা (গুয়ার্দিওলার সঙ্গে) কথা বলি না…আমরা সাধারণ কথাবার্তা বলি। তিনি যা মনে করেন, সেটা নিয়েই কথা বলেন, এটুকুই। যদি ‘মাইন্ড গেম’ হয়েও থাকে, হোক, আমি এসবে খুব বেশি মনোযোগ দিই না, কারণ দিন শেষে মাঠে নামতে হবে এবং সেরাটা দিতে হবে।”
গুয়ার্দিওলার মতো প্রতিদ্বন্দ্বীর কাছাকাছি থাকতে পারার বিষয়টি কিছু লোকের কাছে অবাক করার মতো মনে হতে পারে, এই প্রশ্নে আর্তেতা তুলে ধরেন টেনিসে নাদাল-ফেদেরার যুগের কথা।
“আমার কাছে অবাক করা বিষয় হবে (ভালো সম্পর্ক বজায়) না রাখা। এটি খেলাধুলার জন্য সত্যিই বাজে দৃষ্টান্ত স্থাপন করবে। খেলাধুলায় আপনাকে শিখতে হবে এবং খেলাধুলাই আমাদের এই সম্পর্কটা দিয়েছে, এখানে উদাহরণ হতে পারে রাফা নাদাল ও রজার ফেদেরারের যে সম্পর্ক ছিল।”
টেনিসের একসময়ের দুই প্রবল প্রতিদ্বন্দ্বী নাদাল ও ফেদেরারের অনেক মহাকাব্যিক লড়াইয়ের সাক্ষী হয়েছে বিশ্ব। ৯টি গ্র্যান্ড স্ল্যাম ফাইনালসহ ক্যারিয়ারে ৪০ বার মুখোমুখি হয়েছেন তারা। দুজন মিলে জিতেছেন মোট ৪২টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। কোর্টের বাইরে দুজন খুব ভালো বন্ধুও।
