Published : 03 Jun 2026, 05:25 PM
শুরুর দিনক্ষণ যত ঘনিয়ে আসছে, বিশ্বকাপ নিয়ে আলোচনার টেবিলে ঝড় ততই বাড়ছে। ফুটবলপ্রেমীদের যুক্তি-তর্কে উঠছে নানা তথ্য-উপাত্ত, ভক্তকূলে বাড়ছে উন্মাদনা।
‘দা গ্রেটেস্ট শো অন আর্থ’ ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসরের পর্দা ওঠার সপ্তাহখানেক বাকি থাকতে দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ পরিসংখ্যান।
২০০
এবারের বিশ্বকাপে অংশ নিতে যাওয়া ২০০ ফুটবলার ক্লাব ফুটবলে খেলে ইংল্যান্ডে। দ্বিতীয় সর্বোচ্চ ১০৯ জন খেলে জার্মানির ক্লাবগুলোয়, আর সমান ৮৬ জন করে খেলে ফ্রান্স ও স্পেনে।
৪১
এবারের আসর শুরুর দিনে ক্রিস্তিয়ানো রোনালদোর বয়স হবে ৪১ বছর ১২৬ দিন। চতুর্থ সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপে খেলতে যাচ্ছেন তিনি। পর্তুগিজ তারকার ওপরে থাকবেন কেবল- ক্যামেরুনের রজার মিলা (৪২), কলম্বিয়ার ফারিদ মনদ্রাগন (৪৩) ও মিশরের এসাম এল হাদারি (৪৫)।
এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সী খেলোয়াড় হতে যাচ্ছেন রোনালদো। তালিকায় তার পরের পাঁচটি স্থানে আছেন মেক্সিকোর গোলরক্ষক গিলেরমো ওচোয়া (৪০), ক্রোয়েশিয়ার লুকা মদ্রিচ (৪০), বসনিয়া-হার্জেগোভিনার এদিন জেকো (৪০), জার্মানির মানুয়েল নয়ার (৪০), কেপ ভার্দের ফজিনিয়া (৪০)।
২৫
এবার বিশ্বকাপে অংশগ্রহণকারী ৪৮ দেশের মধ্যে দুটি দেশের সর্বোচ্চ ২৫ জন করে খেলোয়াড় নিজের দেশের ক্লাবে খেলেন, কাতার ও স্যদি আরব। লেফট-ব্যাক হোমাম আহমেদ কাতারের একমাত্র দেশের বাইরে খেলা একমাত্র ফুটবলার, তিনি স্পেনের কালচারার লেওনেসার হয়ে খেলেন। আর সাউদ আব্দুল হামিদ সৌদি আরবের একমাত্র বাইরে খেলা ফুটবলার, এই রাউট-ব্যাক ফ্রান্সের ক্লাব লঁসের হয়ে খেলেন।
কেপ ভার্দ, ডিআর কঙ্গো, কোত দি ভোয়া, কুরাসাও, সেনেগাল ও উরুগুয়ের দলে একজন খেলোয়াড়ও নেই, যারা নিজের দেশের ক্লাবে খেলেন।
২২
এবারের ইভেন্টে বিশ্বকাপ জয়ী ফুটবলার আছেন মোট ২২ জন।
২০১৪ সালে জার্মানির বিশ্বকাপ জয়ী গোলরক্ষক মানুয়েল নয়ার এবারও আছেন দলে এবং ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দল থেকে আছেন উসমান দেম্বেলে, লুকাঁ এরনঁদেজ, এনগোলো কঁতে ও কিলিয়ান এমবাপে।
আর কাতারে আর্জেন্টিনাকে তৃতীয় বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি সেই দল থেকে এবার ১৭ জনকে স্কোয়াডে রেখেছেন। তারা হলেন- থিয়াগো আলমাদা, হুলিয়ান আলভারেস, রদ্রিগো দে পল, এন্সো ফের্নান্দেস, আলেক্সিস মাক আলিস্তের, এমিলিয়ানো মার্তিনেস, লাউতারো মার্তিনেস, লিসান্দ্রো মার্তিনেস, লিওনেল মেসি, নাহুয়েল মোলিনা, গন্সালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, এসেকিয়েল পালাসিওস, লেয়ান্দ্রো পারেদেস, ক্রিস্তিয়ান রোমেরো, জেরোনিমো রুলি ও নিকোলাস তাগলিয়াফিকো।
১৯
ক্লাবের ক্ষেত্রে সবচেয়ে বেশি খেলোয়াড় এবার বিশ্বকাপ খেলতে যাচ্ছে ম্যানচেস্টার সিটি থেকে, ১৯ জন।
ইংলিশ ক্লাবটির ফুটবলার উত্তর আমেরিকা আসরে আছে আলজেরিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, মিশর, ইংল্যান্ড, ফ্রান্স, ঘানা, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্পেন ও উজবেকিস্তান দলে।
এই তালিকায় পরের ১১টি স্থানে আছে বায়ার্ন মিউনিখ (১৮), আর্সেনাল (১৬), পিএসজি (১৬), বার্সেলোনা (১৫), আল হিলাল (১২), আতলেতিকো মাদ্রিদ (১২), ক্রিস্টাল প্যালেস (১২), ম্যানচেস্টার ইউনাইটেড (১২), বরুসিয়া ডর্টমুন্ড (১১), গালাতাসারাই (১১) ও লিভারপুল (১১)।
১৭
এবারের বিশ্বকাপে সবচেয়ে কমবয়সী খেলোয়াড় হতে যাচ্ছেন ১৭ বছর বয়সী সেনসেশন গিলবের্তো মোরা। তার জাতীয় দল সতীর্থ গিয়ের্মো ওচোয়া যখন প্রথম বিশ্বকাপ (২০০৬) দলে ডাক পান, তখন মোরার জন্মই হয়নি!
মাঠে নামলেই সর্বকনিষ্ট কনকাকাফ ফুটবলার হিসেবে বিশ্বকাপে খেলার রেকর্ড গড়বেন মোরা। এই প্লেমেকার ভেঙে দিবেন তার পূর্বসূরি মানুয়েল রোসাসকে; ১৯৩০ বিশ্বকাপে ১৮ বছর বয়সে খেলেছিলেন তিনি।
১৩
২০২৬ আসরের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বকাপ গোল লিওনেল মেসির, ১৩টি। তালিকায় তার পরে আছেন ফ্রান্সের কিলিয়ান এমবাপে (১২), ইংল্যান্ডের হ্যারি কেইন (৮), ব্রাজিলের নেইমার (৮), পর্তুগালের ক্রিস্তিয়ানো রোনালদো (৮)।
ফুটবলের সর্বোচ্চ এই মঞ্চে সর্বাধিক গোলের রেকর্ড জার্মানির মিরোস্লাভ ক্লোসার, ১৬টি।
৬
লিওনেল মেসি, গিয়ের্মো ওচোয়া ও ক্রিস্তিয়ানো রোনালদো ষষ্ঠবারের মতো বিশ্বকাপে যাচ্ছেন।
তাদের সঙ্গে এখন সমান পাঁচটি করে বিশ্বকাপে পা রাখার রেকর্ড আছে আন্তোনিও কার্বাহাল, লোথার মাথেউস, জানলুইজি বুফ্ফন, রাফা মার্কেস ও আন্দ্রেস গুয়ার্দাদোর। লুকা মদ্রিচ, ইউতু নাগাতোমো ও মানুয়েল নয়ার উত্তর আমেরিকায় পঞ্চমবারের মতো বিশ্বকাপে নামবেন।
ষষ্ঠ বিশ্বকাপ খেলার রেকর্ড গড়বেন মেসি ও রোনালদো। ওচোয়া ২০০৬ ও ২০১০ বিশ্বকাপের দলে থাকলেও, ওই দুই আসরে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি।
২.০৫
সবচেয়ে লম্বা খেলোয়াড় হিসেবে বিশ্বকাপ খেলতে যাচ্ছেন অস্ট্রিয়ার গোলরক্ষক ফ্লোহিয়ান ভাইগেল, তিনি ২.০৫ মিটার লম্বা। কাতার বিশ্বকাপে রেকর্ডটি গড়েন ২.০৩ মিটার লম্বা নেদারল্যান্ডসের গোলরক্ষক আন্ড্রিস নোপার্ট।
এবারের বিশ্বকাপে লম্বা খেলোয়াড়দের তালিকায় আরও আছেন ২.০১ মিটার লম্বা ইংল্যান্ডের ডিফেন্ডার ড্যান বার্ন, ২.০১ মিটার লম্বা কলম্বিয়ার গোলরক্ষক আলভারো মন্তেরো ও ২.০১ মিটার লম্বা বসনিয়া-হার্জেগোভিনার সেন্টার-ব্যাক স্তেপান রাদেলিয়াচ।
১.৬০
এবার সবচেয়ে খাটো খেলোয়াড় হলেন পানামার গোলরক্ষক সেসার ইয়ানিস, ১.৬০ মিটার লম্বা। তার পরেই আছেন ১.৬৪ মিটার লম্বা কুরাসাওয়ের আক্রমভাগের খেলোয়াড় ইয়েরেমি আন্তোনিস।