১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আরেকটি অ্যানফিল্ড মিরাকলের আশায় লিভারপুল কোচ

চ্যাম্পিয়ন্স লিগে মাসখানেক আগে ঘরের মাঠে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছিল লিভারপুল, তেমন কিছুরই স্বপ্ন দেখছেন আর্না স্লট।

আরেকটি অ্যানফিল্ড মিরাকলের আশায় লিভারপুল কোচ
এমন গ্যালারি ভরা সমর্থকদের সামনে ঘুরে দাঁড়ানোর আশায় আছে লিভারপুল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2026, 08:31 AM

Updated : 26 Aug 2026, 03:24 PM

ঘরোয়া মৌসুমটা ভীষণ বাজে কাটছে লিভারপুলের। শেষ একটি শিরোপা লড়াইয়ে এখনও টিকে আছে তারা, চ্যাম্পিয়ন্স লিগে। যদিও সেখানেও দলটি আছে খাদের কিনারায়। ঘুরে দাঁড়াতে হলে লিখতে হবে দারুণ এক প্রত্যাবর্তনের গল্প। আর এজন্য অ্যানফিল্ডে নতুন কোনো মিরাকলের আশায় আছেন দলটির কোচ আর্না স্লট।

লিভারপুলের আঙিনা অ্যানফিল্ডের আবহ যেকোনো প্রতিপক্ষের জন্যই খুব চ্যালেঞ্জিং। অতীতে এর প্রমাণ মিলেছে বহুবার। পিএসজির বিপক্ষে প্রথম লেগের ব্যবধান ঘুচিয়ে দেওয়ার মিশনে নামার আগে তেমন অবিশ্বাস্য কিছুরই স্বপ্ন দেখছেন স্লট।

চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে পিএসজির মাঠে ২-০ গোলে হারে লিভারপুল। যাদের লিগ শিরোপা ধরে রাখার সম্ভাবনা শেষ হয়ে গেছে অনেক আগে। ঘরোয়া অন্য দুই প্রতিযোগিতা লিগ কাপ ও এফএ কাপ থেকেও আগেভাগে বিদায় নেয় তারা। এবার শিরোপা জয়ের শেষ সম্ভাবনাও শেষের পথে।

মঙ্গলবার পিএসজির বিপক্ষে ফিরতি লেগের লড়াইয়ে নামবে লিভারপুল। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে রাত একটায়।

প্রথম লেগে পিএসজি অসংখ্য সুযোগ নষ্ট না করলে হয়তো সেখানেই একরকম শেষ হয়ে যেত লিভারপুলের আশা। তবে সেটা না হওয়ায় আশা দেখছেন স্লট। আগের দিন সংবাদ সম্মেলনেও সেই কথা বললেন ডাচ কোচ।

“প্রথমত, তাদেরকে মনে করিয়ে দিই যে স্কোরটা কী- এটা ২-০। যদিও (সেদিন মাঠের লড়াই) অন্যরকম ছিল, আমরা সবাই তা জানি; তবে দিনশেষে ম্যাচের ফল ২-০। দ্বিতীয়ত, এই মৌসুমে আমরা অনেকবার বড় ম্যাচে দেখিয়েছি যে, আমরা দারুণ পারফরম্যান্স করতে পারি।”

“আবার আমাদের পুরোপুরি ভিন্ন রূপও দেখা গেছে- এই সব বিষয়ে আমি সচেতন- তবে আমাদের অনেক ম্যাচ ভালোও কেটেছে, বিশেষ করে বড় ম্যাচগুলো।”

গ্যালারি ভরা সমর্থকদের সামনে ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আত্মবিশ্বাস থাকলেও, লক্ষ্য পূরণ করতে নিজেদের সর্বোচ্চটা দিতে হবে, দলকে মনে করিয়ে দিলেন স্লট।

“হ্যাঁ, আমাদের বিশ্বাস আছে যে, আগামীকাল আমরা বিশেষ কিছু করতে পারব। তবে সেটা করতে আমাদের খুব ভালো পারফর্ম করতে হবে। আমরা ইউরোপের চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলব, যা চ্যালেঞ্জটাকে আরও কঠিন করে তুলবে- তবে এটা অসম্ভব নয়।” 

এবারের চ্যাম্পিয়ন্স লিগে গত রাউন্ডেই অ্যানফিল্ডের জাদু দেখিয়েছি লিভারপুল। শেষ ষোলোর প্রথম লেগে গালাতাসারাইয়ের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল তারা। ফিরতি লেগে তুরস্কের দলটিকে ৪-০ গোলে বিধ্বস্ত করে দেয় স্লটের দল।