২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের বাকি ২৬ দিন: রোনালদোর পুনরুত্থান

বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

বিশ্বকাপের বাকি ২৬ দিন: রোনালদোর পুনরুত্থান
বিশ্বকাপ ট্রফিতে রিভালদো-রোনালদোদের চুমু। ছবি: ফিফা

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2026, 08:23 AM

Updated : 11 Sep 2026, 03:17 PM

আর ২৬ দিন পরেই পর্দা উঠবে বিশ্বকাপের উত্তর আমেরিকা আসরের। বাকি দিনগুলোর প্রতিটিতে একটি করে পরিসংখ্যান ভিত্তিক গল্প বিডিনিউজ টোয়েন্টিফোরের পাঠকদের জন্য তুলে ধরা হবে।

এই ধারাবাহিকতায় আজ নজর দেওয়া যাক ফুটবল ইতিহাসের সেরা স্ট্রাইকারদের একজন ব্রাজিলিয়ান তারকা রোনালদোর ওপর, চোটের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে মাঠে ফিরেই বিশ্বকে হাতের মুঠোয় আনেন তিনি।

আড়াই বছর বাইরে থাকার পর, ২০০২ বিশ্বকাপের জন্য লুইস ফেলিপে স্কলারির দল ঘোষণার ৪০ দিন আগে জাতীয় দলে ফেরে রোনালদো।

১৯৯৯ সালের নভেম্বরে সান সিরোয় ইন্টার মিলানের হয়ে খেলার সময় পায়ে মারাত্মক চোট পান রোনালদো, তখন ফর্মের তুঙ্গে ছিলেন তিনি। ডান হাঁটুর ওই চোটের জন্য অল্প সময়ের মধ্যে অস্ত্রোপচার করা হয় এবং কয়েক মাসের জন্য ছিটকে পড়েন তিনি।

পরের বছর এপ্রিলে লাৎসিওর বিপক্ষে ইতালিয়ান কাপ ফাইনালে প্রথম লেগে বদলি নামার পাঁচ মিনিটের মাথায় আরও বড় দুর্ঘটনার শিকার হন রোনালদো; তার হাঁটুর টেন্ডন গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। তার বিশ্বকাপ খেলাও পড়ে যায় প্রচণ্ড অনিশ্চয়তার মুখে। 

জাপান ও দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ওই বিশ্বকাপে বাছাইপর্ব থেকেই একটা সময় ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিল ব্রাজিল। ওই দলের মূল সমস্যা হয়ে দাঁড়িয়েছিল স্কোরিংয়ের, তা দূর করতে একরকম বাধ্য হয়েই রোনালদোর দিকে নজর দেন কোচ স্কলারি। তার ওই ভাবনা অবাক করেছিল অনেককে, কিন্তু কোচ ছিলেন মরিয়া। 

এমনকি চোট কাটিয়ে ফেরার পর তখনও ইন্টারের হয়ে নিয়মিত খেলা শুরু করেননি রোনালদো, তখনই তাকে নিয়ে বিশ্বকাপ পরিকল্পনা সাজানো শুরু করেন কোচ। যুগোস্লাভিয়া ও পর্তুগালের বিপক্ষে ৪৫ মিনিট করে খেললেও, রোনালদোর পারফরম্যান্স ছিল না সন্তোষজনক; তবুও তাকে নিয়েই বিশ্বকাপ দল ঘোষণা করেন স্কলারি।

এই অবস্থায় কীভাবে তিনি রোনালদো বিশ্বকাপে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন-এমন প্রশ্নে স্কলারি বলেছিলেন, “কারণ আমি পাগল।”

তার সেই ‘পাগলামি’ জন্ম দেয় অসাধারণ এক গল্পের, ব্রাজিলকে দেয় আরেকবার বিশ্বকাপ ট্রফিতে চুমু আঁকার সুযোগ। সেই আসরে গড়ে প্রতি ৬৯ মিনিটে একটি করে, ফাইনালে দুটিসহ মোট আটটি গোল করেন রোনালদো।

পরে অবশ্য রোনালদো জানিয়েছিলেন, আসরে মাঠে নামার আগে তার চোট সমস্যা কিছুটা রয়ে গিয়েছিল এবং সেভাবেই খেলা চালিয়ে যান তিনি।  

জার্মানিকে হারিয়ে পঞ্চমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় ব্রাজিল।