হলান্ডের বিধ্বংসী রূপে চিন্তিত নয় আর্সেনাল
লিগে এখন পর্যন্ত চার ম্যাচে মোট ৯ গোল করেছেন হলান্ড; অন্য কোনো দলও এত গোল করতে পারেনি!
গ্রীষ্মের লম্বা ছুটি শেষে শুরু হয়েছে নতুন মৌসুম। তবে আর্লিং হলান্ডের পারফরম্যান্সের সেই বিরতির কোনো ছাপ পড়েনি, বরং আরও যেন ক্ষুরধার হয়ে উঠেছেন তিনি। প্রিমিয়ার লিগে চার ম্যাচ খেলেই করে ফেলেছেন দুটি হ্যাটট্রিকে। লিগে পরের ম্যাচে ম্যানচেস্টার সিটির মাঠে তাকে সামলানোর কঠিন চ্যালেঞ্জেই পড়তে হবে আর্সেনালকে। তবে হলান্ডকে আটকানো নিয়ে দল একেবারেই চিন্তিত নয় বলে দাবি করলেন আর্সেনাল মিডফিল্ডার জর্জিনিয়ো।
আন্তর্জাতিক ফুটবলের বিরতি শেষেই ভীষণ ব্যস্ত এক সপ্তাহ পার করছে আর্সেনাল। মহাগুরুত্বপূর্ণ তিন ম্যাচের প্রথমটি অবশ্য ইতোমধ্যে জিতে নিয়েছে তারা; অধিনায়ক মার্টিন ওডেগোর ও অভিজ্ঞ ডিফেন্ডার ডেকলান রাইসকে ছাড়াই গত রোববার তারা হারিয়েছে টটেনহ্যাম হটস্পারকে।
চ্যাম্পিয়ন্স লিগে আগামী বৃহস্পতিবার আর্সেনাল খেলবে আতালান্তার বিপক্ষে। এর তিন দিন পর আগামী রোববার প্রিমিয়ার লিগে মিকেল আর্তেতার দলের প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি।
ঘরোয়া লিগে শিরোপা ধরে রাখার লড়াইয়ে চার ম্যাচ খেলে সবগুলোই জিতেছে সিটি। আর গতবারের রানার্সআপ আর্সেনাল তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থান।
তাদের মধ্যে আসছে লড়াইটি নিয়ে তাই উত্তাপ ছড়াচ্ছে অনেক। যেখানে আর্সেনালের সবচেয়ে বড় বাধা হতে পারেন হলান্ড; লিগে চার ম্যাচে সবগুলোই জালের দেখা পেয়েছেন তিনি, গোল করেছেন মোট ৯টি। এই চার রাউন্ডে অন্য কোনো দলও এত গোল করতে পারেনি!
গত দুই মৌসুমেই প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জয়ী হলান্ড সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে ১০৩ ম্যাচে করেছেন ৯৯ গোল। যেভাবে ছুটছেন তিনি, হয়তো আগামী ম্যাচে করে ফেলবেন সেঞ্চুরি।
তবে, সেসব নিয়ে একদমই নাকি ভাবছে না আর্সেনালের কেউ। ২০২৩ সাল চেলসি ছেড়ে আর্সনালে পাড়ি জমানে জর্জিনিয়ো বললেন, সিটির বিপক্ষে জিততে তারা দারুণ আত্মবিশ্বাসী।
“আর্লিং আবার গোল করছে…বিষয়টা আমাদের হাসানো শুরু করেছে। আমরা (তাদের ওপর) নজর রাখি, কারণ আমরা সব ম্যাচ দেখি, আমরা প্রিমিয়ার লিগ ভালোবাসি।”
“তাই আমরা সিটির খেলাও দেখি, স্বাভাবিকভাবেই। এতে আমরা চিন্তিত নই। আমাদের নিজেদের খেলায় মনোযোগ দিতে হবে এবং সেটাই আমরা করছি।”
লিগের গত আসরে ঘরের মাঠে মুখোমুখি লড়াইয়ে ১-০ গোলে জয়ের পর ফিরতি লেগে সিটির মাঠে গোলশূন্য ড্র করেছিল আর্সেনাল।
গত দুই মৌসুমে প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা অনেকটা সময় জোরাল রেখেও শেষ দিকে গুলিয়ে ফেলে আর্সেনাল। তাই রানার্সআপ হয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের। এবার তাদের মানসিকতা আগের থেকে উন্নত হয়েছে বলেও দাবি করলেন এই ইতালিয়ান মিডফিল্ডার।
“নিজেদের চেষ্টায় বিশ্বাস রাখতে হবে। আমি মনে করি, আমরা সঠিক পথেই আছি।”
