২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হায়দরাবাদে দর্শক মাতালেন মেসি

মেসির ভারত সফরে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলার পর, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের আয়োজনটা হলো বেশ গোছানো।

হায়দরাবাদে দর্শক মাতালেন মেসি
কলকাতার পর হায়দরাবাদে লিওনেল মেসি। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2025, 11:27 PM

Updated : 26 Aug 2026, 05:18 PM

বাঁ পায়ের শটে একেকটি বল গ্যালারিতে পাঠাচ্ছিলেন লিওনেল মেসি, তা দেখে ও বল পেয়ে দর্শকদের সেকি উল্লাস! হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে যতক্ষণ থাকলেন আর্জেন্টাইন জাদুকর, উজ্জীবিত করে রাখলেন তিনি সবাইকে। 

মেসির ভারত সফরে কলকাতার সল্ট লেগ স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলার পর, হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামের আয়োজনটা হলো বেশ গোছানো।

ক্লাব ইন্টার মায়ামির দুই সতীর্থ লুইস সুয়ারেস ও রদ্রিগো দে পলকে নিয়ে মেসি যখন হায়দরাবাদের স্টেডিয়ামে পৌঁছান, তখন সেখানে চলছিল একটি প্রদর্শনী ম্যাচ। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডিও সেই ম্যাচে খেলেন কিছু সময়। ভিআইপি বক্স থেকে খেলা দেখেন মেসি-সুয়ারেসরা।

দুই সতীর্থকে নিয়ে মাঠে মেসি। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

দুই সতীর্থকে নিয়ে মাঠে মেসি

পরে মাঠে নেমে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন মেসি, কাউকে দেন অটোগ্রাফ, সবাইকে নিয়ে ছবি তোলেন একসঙ্গে। রেভান্ত রেড্ডি, দে পল, সুয়ারেস ও মেসি গোল হয়ে কিছু সময় পাস দেন একে অন্যকে। দুবার বল জালেও পাঠান মেসি। পরে খুদে ফুটবলারদের সঙ্গেও বল দেওয়া-নেওয়া করেন তিনি।

দে পল কিক মেরে একটি বল পাঠান গ্যালারিতে। পরে একইভাবে কয়েকটি বল গ্যালারিতে পাঠান মেসি। হাত নেড়ে গ্যালারির সবাইকে অভিবাদন জানান তিনি।

শেষ দিকে প্রদর্শনী ম্যাচের জয়ী দলের হাতে ট্রফি তুলে দেন মেসি। সংক্ষিপ্ত বক্তব্যও দেন তিনি, কৃতজ্ঞতা জানান সবার প্রতি।

খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন মেসি। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

খেলোয়াড়দের সঙ্গে করমর্দন করেন মেসি

“এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আপনাদের সঙ্গে হায়দরাবাদে থাকতে পেরে আমি আনন্দিত।”

আবার বিশ্বকাপ জয়ের প্রত্যয় ব্যক্ত করেন মেসির জাতীয় দল সতীর্থ দে পল।

“বিশেষ এক সন্ধ্যা। এই সন্ধ্যার জন্য আপনাদের ধন্যবাদ। আমরা উপভোগ করছি। আশা করি, আমরা আবার বিশ্বকাপ জিততে পারব। সকলের ভালোবাসার জন্য ধন্যবাদ।”

মেসির পায়ের জাদু। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

মেসির পায়ের জাদু

এখানে পরে হাজির হন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডি ও রাহুলকে আর্জেন্টিনা জাতীয় দলের নিজের ১০ নম্বর জার্সি উপহার দেন মেসি।

পরে দুই সতীর্থকে নিয়ে স্টেডিয়াম ত্যাগ করেন রেকর্ড আটবারের ব্যালন র’র জয়ী।

‘গোট ইন্ডিয়া ট্যুর’-এ শুক্রবার রাতে কলকাতায় পৌঁছানো মেসি শনিবার সকালে যান সল্ট লেকে। প্রিয় তারকাকে কাছ থেকে এক নজর দেখতে মোটা অঙ্কের অর্থ খরচ করে স্টেডিয়ামে আসেন হাজার হাজার দর্শক। কিন্তু অধিকাংশেরই সেই প্রত্যাশা পূরণ হয়নি।

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির সঙ্গে মেসি। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্ত রেড্ডির সঙ্গে মেসি

তাদের অভিযোগ, রাজনৈতিক নেতা ও অভিনেতারা মেসিকে ঘিরে থাকায় ফুটবলের মহাতারকাকে দেখতে পাননি তারা।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, মাত্র ২০ মিনিট স্টেডিয়ামে ছিলেন ফুটবলের মহানায়ক। তাকে দেখার স্বাদ না মেটায়, তিনি চলে যাওয়ার পরপরই শুরু হয় তাণ্ডব। অনেকে সিট উপড়ে ফেলে মাঠের দিকে ছুড়ে মারেন, বোতল ছুড়ে মারেন, অনেকে আবার মাঠে ঢুকে পড়েন এবং মঞ্চ ভেঙে ফেলেন।

মেসির সঙ্গে দেখা করেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

মেসির সঙ্গে দেখা করেন ভারতের কংগ্রেস নেতা রাহুল গান্ধী

মেসির অনুষ্ঠান ঘিরে এমন তুলকালাম কাণ্ড স্বাভাবিকভাবেই বিশ্ব ফুটবলে নজর কেড়েছে, আন্তর্জাতিক গণমাধ্যমে খবর হয়েছে। নিজের রাজ্যে এমন ঘটনায় বিব্রত পশ্চিম বঙ্গের মূখ্যমন্ত্রী মমতা ব্যনার্জী দুঃখ প্রকাশ করে তদন্তের ঘোষণা দিয়েছেন।

ঘটনার কিছুক্ষণ পর মেসিকে কলকাতায় আনার মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে বিমানবন্দর থেকে আটক করে পুলিশ।

কলকাতা ও হায়দরাবাদের পর মুম্বাই হয়ে দিল্লি সফর দিয়ে শেষ হবে মেসির এই সফর।