এমবাপের নেতৃত্বে ফ্রান্স দলে নতুন মুখ আকিউস
লিভারপুলে যোগ দিয়ে দারুণ শুরু করা উগো একিতিকে অবশ্য দলে ডাক পাননি।
ক্লাবের হয়ে আলো ছড়িয়ে প্রথমবারের মতো ফ্রান্স জাতীয় দলে জায়গা করে নিয়েছেন উইঙ্গার মাহনেস আকিউস। বিশ্বকাপ বাছাইয়ে প্রথম দুটি ম্যাচের দলে অনুমিতভাবে আছেন অধিনায়ক কিলিয়ান এমবাপে।
আগামী মাসে ইউক্রেইন ও আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য বুধবার ২৩ সদস্যের দল ঘোষণা করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেশম।
এমবাপের পাশাপাশি রেয়াল মাদ্রিদের আরেক ফুটবলার, মিডফিল্ডার অহেলিয়া চুয়ামেনি, পিএসজি ফরোয়ার্ড উসমান দেম্বেলে ও দিজিরে দুয়েও আছেন দলে।
চলতি গ্রীষ্মের দলবদলে লিভারপুলে যোগ দিয়ে দারুণ শুরু করা উগো একিতিকে অবশ্য দলে ডাক পাননি। ইংলিশ ক্লাবটির হয়ে প্রথম তিন ম্যাচে ৩ গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেছেন ২৩ বছর বয়সী এই স্ট্রাইকার।
একিতিকের সমবয়সী আকিউস গত মৌসুমে মোনাকোর হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচে ৭ গোল করার পাশাপাশি অ্যাসিস্ট করেন ১২টি। নতুন মৌসুমে প্রথম দুই ম্যাচে একটি গোল করেছেন এই রাইট উইঙ্গার।
২০২৬ বিশ্বকাপের ইউরোপ অঞ্চলের বাছাইয়ে ‘ডি’ গ্রুপে আগামী ৫ সেপ্টেম্বর পোল্যান্ডের মাঠে ইউক্রেইনের মুখোমুখি হবে ফ্রান্স। ৯ সেপ্টেম্বর ঘরের মাঠে আইসল্যান্ডের বিপক্ষে খেলবে দুইবারের বিশ্বকাপ জয়ীরা।
