বিশ্বকাপে আলো ছড়িয়ে ইংল্যান্ডের বর্ষসেরা বেলিংহ্যাম
দর্শকদের ভোটে আবার দেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়ে উচ্ছ্বসিত এই অ্যাটাকিং মিডফিল্ডার।
সবশেষ বিশ্বকাপে দারুণ পারফরম্যান্সে ঔজ্জ্বল্য ছড়ানো জুড বেলিংহ্যাম টানা দ্বিতীয়বারের মতো ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন।
গত জুন-জুলাইয়ের উত্তর আমেরিকা বিশ্বকাপে সাতটি গোল করেন বেলিংহ্যাম, যা প্রতিযোগিতাটির কোনো এক আসরে কোনো ইংলিশ ফুটবলারের সর্বোচ্চ গোলের রেকর্ড।
ইংলিশদের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন যদিও অধরাই রয়ে যায়, সেমি-ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে হেরে যায় তারা। রোমাঞ্চ ছড়ানো তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ৬-৪ গোলে হারিয়ে বিদেশের মাটিতে বিশ্বকাপে সেরা ফল করে ইংল্যান্ড। ১৯৬৬ সালের আসরে ঘরের মাঠে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এরপর আর কখনও ফাইনালে উঠতে পারেনি দেশটি।
দলের এবারের বিশ্বকাপ অভিযানে মেক্সিকোর বিপক্ষে শেষ ষোলোয় জোড়া গোলে জয়ের নায়ক ছিলেন বেলিংহ্যাম, ম্যাচটি ৩-২ ব্যবধানে জেতে ইংল্যান্ড। এরপর কোয়ার্টার-ফাইনালে নরওয়ের বিপক্ষেও জোড়া গোল করেন তিনি।
এছাড়া গ্রুপ পর্বে ক্রোয়েশিয়া ও পানামা এবং তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচে একবার করে জালে বল পাঠান বেলিংহ্যাম।
দর্শকদের ভোটে আবার দেশের সেরা ফুটবলার নির্বাচিত হয়ে খুব খুশি এই অ্যাটাকিং মিডফিল্ডার।
“দারুণ লাগছে। অবশ্যই, সমর্থকদের ভোটে সেরা নির্বাচিত হওয়াটা অনেক বড় সম্মানের।
“এটা এমন কিছু নয় যে দেশের হয়ে খেলার সময় আপনি ভাববেন, তবে যে দুর্দান্ত গ্রীষ্ম আমরা কাটিয়েছি, সেই অধ্যায়ে এটা বাড়তি এক সংযোজন।”
রেয়াল মাদ্রিদ তারকা বেলিংহ্যামের এই প্রাপ্তিতে খুশি ইংল্যান্ড কোচ টমাস টুখেলও।
“আমার মতে, সে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়দের একজন, কেবল আমাদের জন্যই নয়, পুরো আসরের হিসেবে। সে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে লড়েছে; তার খেলাতেই দেখতে পাবেন সে কী দুর্দান্ত প্রতিদ্বন্দ্বী।
“চাপের মুখে সে আরও জ্বলে ওঠে, এমন মুহূর্ত সে খুব উপভোগ করে, এরকম লড়াইয়ের মঞ্চ এবং এইসব কিছু তার সেরাটা বের করে আনে।”
উয়েফা নেশন্স লিগে খেলতে বর্তমানে জাতীয় দলের সঙ্গেই আছেন বেলিংহ্যাম। আসরে প্রথম ম্যাচে তারা শনিবার ওয়েম্বলিতে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে।
এবারের আন্তর্জাতিক বিরতিতে টুখেলের দল আরও খেলবে ক্রোয়েশিয়ার বিপক্ষে এবং চেকিয়ার বিপক্ষে দুইবার।
