২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নেইমার? কোনো সমস‍্যা নেই’, বললেন স্কটল‍্যান্ডের ডিফেন্ডার

ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতার খেলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন নন স্কটিশ ডিফেন্ডার জ‍্যাক হেনড্রি।

‘নেইমার? কোনো সমস‍্যা নেই’, বললেন স্কটল‍্যান্ডের ডিফেন্ডার
ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2026, 06:21 PM

Updated : 11 Sep 2026, 03:28 PM

দীর্ঘ প্রতীক্ষা শেষ হতে পারে নেইমারের। গ্রুপ পর্বের শেষ ম‍্যাচ দিয়ে ব্রাজিলের হয়ে ফের মাঠে নামতে পারেন এই তারকা ফরোয়ার্ড। তবে তার খেলা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন স্কটল‍্যান্ডের ডিফেন্ডার জ‍্যাক হেনড্রি।

চোটের সঙ্গে লড়াই করছেন নেইমার। আসরে ব্রাজিলের প্রথম দুই ম‍্যাচে দর্শক হয়ে ছিলেন দেশটির ইতিহাসের সেরা গোলদাতা। পুরোপুরি ফিট হয়ে আগামী বৃহস্পতিবার স্কটল‍্যান্ডের বিপক্ষে ম‍্যাচে মাঠে নামতে পারেন সাবেক বার্সেলোনা ও পিএসজি তারকা। 

হেনড্রি রোববার সাংবাদিকদের বললেন, নেইমারের খেলার সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন নয় স্কটল‍্যান্ড।

“হ‍্যাঁ, কোনো সমস‍্যা নেই। অবশ‍্যই নেইমারের বিপক্ষে খেলার দিকে তাকিয়ে আছি। এটা ভালো একটা লড়াই হওয়া উচিত। যদি সে খেলে আমি সেদিকে তাকিয়ে আছি।”

পেশির চোটে মরক্কো ও হাইতির বিপক্ষে খেলতে না পারা ৩৪ বছর বয়সী নেইমার ‘সি’ গ্রুপের শেষ ম‍্যাচ দিয়ে ফিরতে পারেন, এমন সম্ভাবনার কথা বলেছিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। 

এর আগে একবার নেইমারের মুখোমুখি হয়েছিলেন হেনড্রি। ২০২১ সালে তার দল ক্লাব ব্রুজের বিপক্ষে চ‍্যাম্পিয়ন্স লিগে নেইমারের পিএসজির ম‍্যাচ শেষ হয়েছিল ১-১ সমতায়।

৩১ বছর বয়সী স্কটিশ ডিফেন্ডারের সঙ্গে সৌদি ফুটবলেও দেখা হতে পারত নেইমারের। কিন্তু আল হিলালে থাকার সময়টায় চোটের জন‍্য তিনি বাইরেই ছিলেন বেশি।

প্রথম দুই ম‍্যাচ থেকে তিন পয়েন্ট পেয়েছে স্কটল‍্যান্ড। প্রথমবারের মতো নকআউট পর্বে যাওয়ার হাতছানি তাদের সামনে। ব্রাজিলের বিপক্ষে হারলেও সেই সম্ভাবনা থাকবে তাদের। 

চার পয়েন্ট নিয়ে স্কটল‍্যান্ডের চেয়ে এগিয়ে আছে ব্রাজিল ও মরক্কো। অন‍্য দল হাইতির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হয়ে গেছে।