১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

অস্ট্রেলিয়ার যুব দলে বাংলাদেশের আরহাম

জাপানের একটি ত্রিদেশীয় সিরিজের জন্য অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০ দলে জায়গা পেয়েছেন এই ফরোয়ার্ড।

অস্ট্রেলিয়ার যুব দলে বাংলাদেশের আরহাম
তরুণ ফরোয়ার্ড আরহাম ইসলাম। ছবি: আরহাম ইসলামের ফেইসবুক

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2025, 03:41 PM

Updated : 26 Aug 2026, 05:16 PM

লাল-সবুজের জার্সিতে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে খেলা আরহাম ইসলাম জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-২০ দলে। জাপানে একটি ত্রিদেশীয় সিরিজ সামনে রেখে এই তরুণকে নিয়ে স্কোয়াড ঘোষণা করেছে ফুটবল অস্ট্রেলিয়া।

গত বছর কম্বোডিয়াতে হওয়া এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ে বাংলাদেশের হয়ে খেলেন আরহাম। সেটি ছিল বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলে প্রথম কোনো প্রবাসীর খেলার ঘটনা।

ওই বাছাইয়ে সাদামাটা ছিল বাংলাদেশ। চার ম্যাচের দুটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে তৃতীয় হয়েছিল দল। চার ম্যাচের সবগুলো জিতে মূল পর্বে জায়গা করে নিয়েছিল আফগানিস্তান।

কম্বোডিয়াতে খেলার পর বাংলাদেশের হয়ে আর কোনো বয়সভিত্তিক প্রতিযোগিতায় খেলার সুযোগ মেলেনি আরহামের। ওয়েস্টার্ন ইউনাইটেডের যুব দলে খেলা এই ফরোয়ার্ড এবার পেলেন অস্ট্রেলিয়ার যুব দলে খেলার সুযোগ, তাতে তার বাংলাদেশের জার্সিতে খেলার সম্ভাবনা ফিকে হয়ে গেল আরও।